ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে স্পেনের ক্লাব বার্সেলোনা মুখোমুখি হবে ইংল্যান্ডের ক্লাব আর্সেনালের। প্রথম খেলাটি হবে আর্সেনালের মাঠ এমিরেটসে।
শুক্রবার নকআউট পর্বের ড্র হয়। এই পর্বে মোট ১৬টি দল অংশ নিচ্ছে। প্রতিটি দল নিজের ও প্রতিপক্ষের মাঠে একটি করে ম্যাচ খেলবে।
২০০৬ সালের চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা যায় বার্সেলোনার ঘরে। ফাইনালে তারা আর্সেনালকে ২-১ গোলে হারায়।
চ্যাম্পিয়ন্স লিগের গত মৌসুমেও ৬-৩ গোল ব্যবধানে জিতে আর্সেনালকে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় করে দিয়েছিলো বার্সেলোনা।
ড্র শেষে আর্সেনালের সচিব ডেভিড মিলস বলেন, " আমাদের জন্য এটা বেশ কঠিনই হলো। তবে আমার মনে হয় গতবারের হারের শোধ নেয়ার এটাই সঠিক সময়।"
তিনি আরো বলেন, " আবশ্যই লিওনেল মেসি ইউরোপের সেরা খেলোয়াড়দের একজন। আর মেসিই তাদের প্রধান অস্ত্র। আমাদের কোচ আর্সেন ওয়েঙ্গার তাকে আটকানোর একটা পথ বের করবেন। "
এছাড়াও নকআউট পর্বে ইতালির ক্লাব এ এস রোমার মুখোমুখি হবে ইউক্রেনের শাখতার দোনেস্কো,
ইতালির এসি মিলান খেলবে ইংল্যান্ডের ক্লাব টটেনহ্যাম হটস্পারের সঙ্গে, স্পেনের ভ্যালেন্সিয়া মোকাবেলা করবে জার্মানির শার্লকের, বর্তমান চ্যাম্পিয়ন ইতালির ইন্টার মিলান লড়াই করবে জার্মানির বায়ার্ন মিউনিখের বিপক্ষে, ফ্রান্সের অলিম্পিক লিঁ মাঠে নামবে স্পেনের রিয়াল মাদ্রিদের বিপক্ষে।
ফ্রান্সের অলিম্পিক মার্সেই'র ফুটবল যুদ্ধ ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে এবং ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন চেলসির ম্যাচটি হবে ডেনমার্কের ক্লাব এফসি কোপেনহেগেনের সঙ্গে। এবারই প্রথম চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে খেলবে কোপেনহেগেন ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এনআই/২০৫৫ ঘ.
bdnews24