২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ও ভারত সেমিফাইনালে

সাফ মেয়েদের ফুটবলে বুধবার ভুটানকে ৯-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। হ্যাট্রিক করেছেন আক্রমণ ভাগের খেলোয়াড় অংম্রা চিং মারমা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2010, 02:46 PM

Updated : 25 Aug 2022, 07:48 PM

কক্সবাজার, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাফ মেয়েদের ফুটবলে বুধবার ভুটানকে ৯-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। হ্যাট্রিক করেছেন আক্রমণ ভাগের খেলোয়াড় অংম্রা চিং মারমা। বাংলাদেশ নিজেদের প্রথম খেলায় শ্রীলঙ্কার বিপক্ষে ২-০ গোলে জিতেছিল। দিনের অন্য খেলায় শ্রীলঙ্কাকে ৭-০ গোলে হারিয়ে ভারতও সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। ভারতের সুস্মিতা মালিক হ্যাট্রিক করেন। প্রথম খেলায় তারা ভুটানকে ১৮-০ গোলে হারিয়েছিল। কক্সবাজারে বুধবার দিনের দ্বিতীয় খেলায় ১২ মিনিটে গোল করে স্বাগতিকদের এগিয়ে নেন অংম্রা চিং মারমা। তিনবারের চেষ্টায় তিনি এই গোল করেন। প্রথমার্ধে আরো ৫টি গোল করে বাংলাদেশের মেয়েরা। এর মধ্যে অংম্রা চিং মারমা আরো ২টি এবং সাবিনা খাতুন, ফারহানা ও সাইনু প্র" মারমা ১টি করে গোল করেন। দ্বিতীয়ার্ধে বাংলাদেশের ৩টি গোলের মধ্যে ২টি ছিল আত্মঘাতি। অন্য গোলটি করেন ফারহানা। এই অর্ধে ভালো খেলেনি বাংলদেশের মেয়েরা। তারা প্রচুর গোলের সুযোগ নষ্ট করেছে। তা সত্ত্বেও দলের খেলায় সন্তুষ্ট কোচ গোলাম রব্বানী। এদিকে দিনের প্রথম খেলায় ২ মিনিটেই এগিয়ে যায় ভারত। টুলি গুনের হাওয়ায় ভাসানো একটি বল মাথা দিয়ে জালে জড়িয়ে দেন ভারতের আক্রমণ ভাগের খেলোয়াড় বালা দেবী। পরের তিনটি গোলই আসে মাঝমাঠের খেলোয়াড় সুস্মিতার পা থেকে। ১৮ মিনিটে ফ্রি কিক থেকে নিজের প্রথম গোল করেন তিনি। ৩১ ও ৪৫ মিনিটে করেন আরো দুটি গোল। দ্বিতীয়ার্ধের শুরুতেই সুস্মিতাকে তুলে নেন ভারতের কোচ শহীদ জব্বার। এই অর্ধে ভারত আরো ৩টি গোল করে। গোলগুলি করেন তাবাবি দেবী, সুপ্রিয়া সামাল ও পিংকি রামপাল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনএল/২০১১ ঘ.