ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্পেনের লা লিগায় সোমবার দুই গোলে এগিয়ে থেকেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি ভালেন্সিয়া। ৩-৩ গোলে ড্র করেছে তারা অসাসুনার সঙ্গে।
নিজেদের মাঠ অ্যাস্তাদিও দ্য মেসতায়া'য় শুরুতেই অসাসুনা ভালেন্সিয়াকে চেপে ধরলেও কিছুক্ষণের মধ্যে খেলার নিয়ন্ত্রণ চলে যায় ভালেন্সিয়ার হাতে। ২৪ মিনিটে আক্রমণভাগের খেলোয়াড় হুয়ানমা মাতা বাম প্রান্ত থেকে বল আড়াআড়িভাবে দেন রবার্তো সোলদাদোকে। গোল করতে কোনো অসুবিধা হয়নি সোলদোদোর।
৩২ মিনিটে দুর্দান্ত শটে ব্যবধান দ্বিগুণ করেন স্যারিয়াস স্তানকেভিসিয়াস।
আট মিনিট পর আড়াআড়িভাবে উড়ে আসা বল হুয়ানফ্রান মাথা দিয়ে পঠিয়ে দেন ভালেন্সিয়ার জালে। এতে গোল ব্যবধান অর্ধেকে নেমে আসে।
দু' মিনিট পর জোয়াকুইন সানচেজের কর্নার কিকে হেড করেন অদুরিজ জুবেলদিয়া। বল আশ্রয় নেয় জালে। ফলে ব্যবধান দাঁড়ায় ৩-১ এ।
খেলার ৬০ মিনিটে মিগুয়েল ফ্লানোর চমৎকার শট ঘুষি মেরে বারের ওপর দিয়ে মাঠের বাইরে পাঠাতে চেষ্টা করেন ভালেন্সিয়ার গোলরক্ষক। কিন্তু পারেননি। বল ঢুকে যায় গোলপোস্টে।
খেলার শেষ বাঁশি বাজার তিন মিনিট আগে অসাসুনাকে সমতায় ফেরান অরান্দা।
শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগিতেই সন্তুষ্ট থাকতে হয় দু'দলকে।
ভালেন্সিয়া ১৫ খেলায় ২৫ পয়েন্ট নিয়ে আছে পঞ্চমে। সমান খেলায় অসাসুনার পয়েন্ট ১৬। দলটি রয়েছে ১৫তম।
১৫ খেলায় ৪০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে বার্সা। সমান খেলায় ৩৮ পয়েন্ট নিয়ে দলটির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রিয়াল মাদ্রিদ। তৃতীয় স্থানে আছে ভিয়ারিয়াল। দলটির পয়েন্ট ৩০।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৮৩৯ ঘ.
bdnews24