ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার উলভারহ্যাম্পটন ১-০ গোলে বার্মিংহামকে হারিয়েছে। বোল্টন ওয়ান্ডার্স ২-১ ব্যবধানে জিতেছে ব্ল্যাকবার্ন রোভার্সের বিপক্ষে। টটেনহ্যাম হটস্পার ও চেলসির খেলাটি অমীমাংসিতভাবে শেষ হয়। উভয় দলই গোল করেছে একটি করে।
এই খেলায় জিতলে পয়েন্ট তালিকার শীর্ষে উঠতো চেলসি।
টটেনহ্যামের সঙ্গে ড্র করায় লিগে নিজেদের শেষ সাত খেলায় মাত্র ৬ পয়েন্ট পেয়েছে কার্লো আনচেলত্তির চেলসি। সহকারী কোচ রয় উইলকিন্সকে বরখাস্ত করার পর নিজেদের মাঠে আর জেতেনি তারা।
খেলার ১৫ মিনিটে টটেনহ্যামকে এগিয়ে নেন রোমান পাভলোচেঙ্কো। প্রথমার্ধে বারবার আক্রমণ চালিয়েও গোল শোধ করতে পারেনি চেলসি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই দিদিয়ের দ্রগবাকে মাঠে নামান আনচেলত্তি। ফলে চেলসির আক্রমণের ধার আরো বেড়ে যায়। দ্রগবা কিছুটা নিচে খেলেছিলেন। আর আক্রমণের দায়িত্বে ছিলেন নিকোলাস আনেলকা। তবে আনচেলত্তির এই কৌশল আবারো ব্যর্থ হয়।
চেলসির আক্রমণ সামাল দিতে কিছুটা রক্ষণাত্মক ফুটবল খেলতে থাকে টটেনহ্যাম।
তারপরও গোল খাওয়ার হাত থেকে বাঁচতে পারেনি টটেনহ্যাম। ৭০ মিনিটে গোল শোধ করেন চেলসির দ্রগবা।
টটেনহ্যামের মাইকেল ডাউসনের কাছ থেকে বল কেড়ে নেন দ্রগবা। রক্ষণভাগের এক খেলোয়াড়কে কাটিয়ে প্রচণ্ড শট নেন তিনি। টটেনহ্যামের গোলরক্ষক বলে হাত ছোঁয়াতে পারলেও গোল বাঁচাতে পারেননি। যদিও টিভি-রিপ্লেতে দেখা যায় ডাউসনের কাছ থেকে বলটি দখলে নিয়েছিলেন দ্রগবা হাত দিয়ে।
খেলার শেষ মুহূর্তে জয়ের জন্য মরিয়া চেলসির খেলোয়াড় রামিরেস বল নিয়ে এগিয়ে যাচ্ছিলেন গোলপোস্টের দিকে। এ সময় তাকে অবৈধভাবে বাধা দেন গোলরক্ষক। ফলে পেনাল্টি পায় চেলসি।
পেনাল্টি শট নেন দ্রগবা। কিন্তু চমৎকার দক্ষতায় তা ঠেকিয়ে দেন টটেনহ্যামের গোলরক্ষক। ফলে জয় না পেয়ে হতাশ হয়ে মাঠ ছাড়ে চেলসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/২০৪৭ ঘ.
bdnews24