২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শীর্ষে বার্সা, রিয়ালের জয়

স্পেনের লা লিগায় রোববার লিওনেল মেসির জোড়া গোলের সুবাদে রিয়াল সোসিয়েদাদকে ৫-০ গোলে বিধ্বস্ত করে আবারো পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। আর রিয়াল মাদ্রিদ ৩-১ ব্যবধানে জিতেছে রিয়াল জারাগোজার বিপক্ষে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2010, 02:39 PM

Updated : 25 Aug 2022, 07:47 PM

ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্পেনের লা লিগায় রোববার লিওনেল মেসির জোড়া গোলের সুবাদে রিয়াল সোসিয়েদাদকে ৫-০ গোলে বিধ্বস্ত করে আবারো পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। আর রিয়াল মাদ্রিদ ৩-১ ব্যবধানে জিতেছে রিয়াল জারাগোজার বিপক্ষে। ঘরের মাঠ ন্যু ক্যাম্পে আটঘাট বেঁধেই নেমেছিল বার্সেলোনা। গোলের দেখা পেতে শুরু থেকেই সোসিয়েদাদের রক্ষণভাগে হানা দিতে থাকে বার্সা। ফল পেতে খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বার্সাকে। পেদ্রোর কাছ থেকে বল পেয়ে ৯ মিনিটেই দলকে এগিয়ে নেন বার্সার আক্রমণভাগের খেলোয়াড় ডেভিড ভিয়া। খেলার ৩৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আক্রমণভাগের খেলোয়াড় আন্দ্রে ইনিয়েস্তা। বল বানিয়ে দেন ওই পোদ্রো। বিরতির পর ব্যবধান বাড়াতে মরিয়া হয়ে খেলা শুরু করে পেপ গার্দিওলার দল। ৪৭ মিনিটে রক্ষণভাগের খেলোয়াড় দানিয়েল আলভেজ বল ঠেলে দেন বার্সার খেলা গড়ার কারিগর মেসির কাছে। সোসিয়েদাদের গোলরক্ষক ক্লোদিও ব্রাভো মুনোজকে ফাঁকি দিতে কোনো অসুবিধা হয়নি তার। ৮৭ মিনিটে বোজান কিরকিচের বল পেয়ে ফের গোল করেন আজের্ন্টিনার তারকা ফুটবলার মেসি। চমৎকার শটে সোসিয়েদাদের কফিনে (৯০ ১ মিনিটে) শেষ পেরেকটি ঠোকেন কিরকিচ। দিনের অন্য খেলায় নিজেদের মাঠ লা রোমারেদায় জয়ের মুখ দেখতে পায়নি রিয়াল জারাগোজা। প্রতিপক্ষ যে শক্তিশালী রিয়াল মাদ্রিদ। মার্সেলোর কাছ থেকে বল পেয়ে মাঝমাঠের খেলোয়াড় মেসুত ওজিল জারাগোজার গোলরক্ষককে ফাঁকি দিলে এগিয়ে যায় হোসে মরিনহোর রিয়াল। প্রথমার্ধের শেষ মিনিটে রিয়ালের ক্রিশ্চিয়ানো রোনালদো দুর্দান্ত শটে গোল ব্যবধান ২-০ তে নিয়ে যান। বিরতির পরপরই (৪৭ মিনিটে) জাবি আলোনসোর বানিয়ে দেয়া বলে প্রচণ্ড শট নেন আক্রমণভাগের খেলোয়াড় অ্যাঞ্জেল ফ্যাবিয়ান ডি মারিয়া। বল আশ্রয় নেয় জারাগোজার জালে। রিকার্ডো কারভালহো খেলার ৫৩ মিনিটে জারাগোজার মাঝমাঠের খেলোয়াড় নিকোলাস বার্তোলোবিকে বিপদ সীমানার মধ্যে অবৈধভাবে ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি আর দোমিনগুয়েজ। পেনাল্টি শটে একটি গোল শোধ করেন গ্যাব্রিয়েল ফার্নান্দেজ। অন্যান্য খেলায় অ্যাথলেটিক বিলবাও ২-১ গোলে হারায় এসপানিওলকে। রেসিং সান্তান্দার ১-০ গোলে জেতে মালোর্কার বিপক্ষে। হারকিউলিস ৪-১ গোলে হারায় মালাগাকে। রিয়াল স্পোর্টিং ও লেভান্তের খেলা ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়। ১৫ খেলায় ৪০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে বার্সা। সমান খেলায় ৩৮ পয়েন্ট নিয়ে দলটির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রিয়াল মাদ্রিদ। তৃতীয় স্থানে আছে ভিয়ারিয়াল। দলটির পয়েন্ট ৩০। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/২০২৭ ঘ.