ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বোলগনাকে রোববার ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ইতালির সেরি 'আ'র পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে গেছে এসি মিলান। দিনের অন্য খেলায় জুভেন্টাস ২-১ গোলে হারিয়েছে লাজিওকে।
কেভিন-প্রিন্স বোটেং মাঝমাঠ ও আক্রমণভাগের খেলোয়াড়দের মধ্যে যথার্থ সেতু-বন্ধন রচনা করায় খেলার শুরু থেকেই মিলান চেপে ধরে বোলগনাকে।
যদিও প্রথম গোলে শট নিয়েছিল বোলগনার গাসটন রামিরেজ। তার দূর-পাল্লার শটে গোল হলেও হতে পারতো। কিন্তু মিলানের গোলরক্ষক চমৎকার দক্ষতায় তা রুখে দেন।
এরপর বোলগনাকে আর খুঁজে পাওয়া যায়নি। খেলার ৯ মিনেটেই এগিয়ে যায় মিলান। বাঁ-প্রান্ত থেকে জলাতান ইব্রাহিমোভিচ আড়াআড়িভাবে বল ঠেলে দেন বোলগনার বক্সের ঠিক বাইরে। সেই বল ধরে রক্ষণভাগের দু'জন খেলোয়াড়কে কাটিয়ে বক্সে ঢুকে পড়েন বোটেং। মাত্র ছয় গজ দূর থেকে বল পাঠিয়ে দেন তিনি বোলগনার জালে।
খেলার ৩৫ মিনিটে রবিনহোর শট বোলগনার গোলরক্ষকের পায়ের ফাঁক দিয়ে চলে যায়, আশ্রয় নেয় জালে। বলটি বানিয়ে দিয়েছিলেন বোটেং। ৬০ মিনিটে বোলগনার কফিনে শেষ পেরেকটি ঠোকেন ইব্রাহিমোভিচ।
তুরিনে খেলার দুই মিনিটে জর্জিও ক্রাসিচের গোলে এগিয়ে যায় জুভেন্টাস। ১৪ মিনিটে লাজিওকে সমতায় ফেরান মাউরো জারাতে।
এরপর আক্রমণ ও পাল্টা-আক্রমণের মধ্য দিয়ে জমে ওঠে খেলা। কিন্তু কোনো দলই গোল করতে পারছিল না।
অতিরিক্ত সময়ে (৯০ ৩) মিলোস ক্রাসিচ একক প্রচেষ্টায় গোল করে জয় উপহার দেন জুভেন্টাসকে।
জুভেন্টাস ১৬ খেলায় ৩০ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। সমান খেলায় সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে পিছিয়ে পড়েছে লাজিও, আছে চতুর্থ স্থানে। নাপোলি রয়েছে তৃতীয় স্থানে। দলটিরও পয়েন্ট ১৬ খেলায় ৩০। তবে গোল ব্যবধানে লাজিওর চেয়ে এগিয়ে আছে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এনআই/১৯৫৯ ঘ.
bdnews24