২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আনুর হ্যাট্রিকে মালদ্বীপকে উড়িয়ে দিল নেপাল

সাফ মেয়েদের ফুটবলের প্রথম খেলায় নেপাল ৬-০ গোলে হারিয়েছে মালদ্বীপকে। প্রতিযোগিতার প্রথম আসরে হ্যাট্রিক করেছেন দেশটির আক্রমণভাগের খেলোয়াড় আনু লামা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2010, 02:34 PM

Updated : 25 Aug 2022, 07:47 PM

কক্সবাজার, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাফ মেয়েদের ফুটবলের প্রথম খেলায় নেপাল ৬-০ গোলে হারিয়েছে মালদ্বীপকে। প্রতিযোগিতার প্রথম আসরে হ্যাট্রিক করেছেন দেশটির আক্রমণভাগের খেলোয়াড় আনু লামা। কক্সবাজারে রোববার খেলার শুরুতেই মালদ্বীপকে চেপে ধরেন নেপালের মেয়েরা। তাদের গতি ও আক্রমণের মুখে ম্লান হয়ে পড়েন মালদ্বীপের মেয়েরা। খেলার ৮ মিনিটেই এগিয়ে যেতে পারতো নেপাল। পোস্ট বরাবর প্রচণ্ড শট নেন অধিনায়ক যমুনা গুরুং। বল ঠিক গোলপোস্ট ঘেঁষে চলে যায়। তারপরও গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি নেপালকে। ২১ মিনিটে অনেক দূর থেকে বল টেনে এনে হাল্কা শটে গোল করে দলকে এগিয়ে নেন আনু। দীপা অধিকারী ৩৫ মিনিটে কর্নার কিক নেন। বল পেয়ে যান আনু। গোল করতে কোনো অসুবিধা হয়নি তার। ৭ মিনিট পর প্রমীলা রায় তৃতীয়, ৪৯ মিনিটে ডি-বক্সের ভেতর থেকে উল্টো-শটে যমুনা চতুর্থ, ১৭ মিনিট পর আবার সেই যমুনা, মাঝমাঠ থেকে একাই টেনে নিয়ে গিয়ে বল পাঠিয়ে দেন মালদ্বীপের জালে। ৭১ মিনিটে শেষ গোলটি করে হ্যাট্রিক করেন আনু। খেলা শেষে সংবাদ সম্মেলনে নেপালের টিম ম্যানেজার সনজিব মিশ্র ফাইনালে খেলার আশা প্রকাশ করেন। তিনি বলেন, "আগামী খেলায় আমাদের মেয়েরা আরো ভালো খেলবে।" প্রতিযোগিতার ফাইনালে ভারত উঠবে বলে তিনি মনে করেন। মালদ্বীপের অধিনায়ক ফাধুয়া জহির অবশ্য নিজের দলকে শক্তিশালী বলে দাবি করেন। তিনি বলেন, তার দল আজ (রোববার) ভালো খেলতে পারেনি। পরের খেলাগুলোয় তার দলের খেলোয়াড়রা নিজেদের মেলে ধরতে পারবেন বলে তিনি আশা করছেন। এর আগে বেলা সাড়ে ১২টায় জমকালো 'ডিসপ্লে'র মধ্য দিয়ে শুরু হয় প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান। আধ-ঘন্টার এই ডিসপ্লেতে বাংলাদেশ ও কক্সবাজারের সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে ৪ শ'রও বেশি স্কুল ছাত্র-ছাত্রী। পরে এক ঘন্টা ধরে সঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা। বিকাল ৩ টার দিকে ফিফার ভাইস প্রেসিডেন্ট ওয়াধি মাকুদি বেলুন উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সে সময় এশিয়ান ফুটবল ফেডারেশন (এএফএফ) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রেসিডেন্ট গাজী সালাহউদ্দিন উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/এসএনএল/২০০৬ ঘ.