ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংলিশ প্রিমিয়ার লিগে সোমবার লিভারপুল ৩-০ গোলে হারিয়েছে অ্যাস্টন ভিলাকে। এছাড়া ইতালির সেরি 'আ' তে নাপোলি ১-০ গোলে হারিয়েছে পালের্মোকে।
নিজেদের মাঠ অ্যানফিল্ডে অ্যাস্টন ভিলাকে হারাতে আটঘাট বেঁধেই নামে লিভারপুল। তাই গোলের দেখা পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি লিভারপুলকে। খেলার ১৪ মিনিটে রাউল মেইরেলেস কর্নার কিক নেন। বল পেয়ে যান মার্টিন স্কার্টেল। তিনি (স্কার্টেল) তা ঠেলে দেন আক্রমণভাগের খেলোয়াড় ডেভিড এনগগের কাছে। গোল করতে বিন্দুমাত্র অসুবিধা হয়নি তার।
দু'মিনিট পর আক্রমণভাগের খেলোয়াড় পিয়ান বাবেল ব্যবধান বাড়ান। তাকে বল বানিয়ে দেন লেইভা লুকাস।
বিরতির পর সমতায় ফেরার জন্য আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে অ্যাস্টন ভিলা। কিন্তু বহু চেষ্টা করেও গোল করতে পারেনি ভিলা। উল্টো ৫৫ মিনিটে এনগগের কাছ থেকে বল পেয়ে ভিলার কফিনে শেষ পেরেকটি ঠোকেন ম্যাক্সি রডরিগুয়েজ।
প্রিমিয়ার লিগে ১৬ খেলায় ৩২ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে আর্সেনাল। এক ম্যাচ কম খেলে ৩১ পয়েন্টে আর্সেনালের ঘাড়ে নিশ্বাস ফেলছে ম্যানচেস্টার ইউনাইটেড। ১৬ ম্যাচ খেলে ৩০ পয়েন্ট নিয়ে চেলসি আছে তৃতীয় স্থানে।
স্পেনের লা লিগায় দেপোর্তিভো লা করুনা ১-০ গোলে জিতেছে হারকিউলিসের বিপক্ষে। খেলার ৭৩ মিনিটে দেপোর্তিভোর পক্ষে জয়সূচক গোলটি করেন আক্রমণভাগের খেলোয়াড় ল্যাসাড হ্যাসেন।
লা লিগায় ১৪ খেলায় ৩৭ পয়েন্ট নিয়ে তালিকায় সব দলের উপরে আছে বার্সেলোনা। সমান খেলায় ৩৫ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ রয়েছে দ্বিতীয় স্থানে।
ইতালির সেরি 'আ' তে ১৫ খেলায় ৩৩ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে এসি মিলান। দ্বিতীয় স্থানে রয়েছে লাজিও, দলটির পয়েন্ট ৩০। এরপরই ২৭ পয়েন্ট নিয়ে আছে জুভেন্টাস ও নাপোলি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/২০১৭ ঘ.
bdnews24