কিশোরগঞ্জ, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৃত্যুর দু'দিন পর সাফ সোনাজয়ী অ্যাথলেট মাহবুব আলমের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
সোমবার দুপুরে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে তিন সদস্যের একটি চিকিৎসক দল ময়নাতদন্ত করেন।
ময়নাতদন্ত শেষে আছরের নামাজের পর শহরের পাগলা মসজিদ প্রাঙ্গণে জানাযা হয়। এরপর হয়বতনগর সাহেববাড়ী গোরস্থানে তাকে দাফন করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক ময়নাতদন্ত দলের একজন চিকিৎসক জানান, দুর্ঘটনাজনিত আঘাতে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ঢাকা থেকে চূড়ান্ত ভিসেরা রিপোর্ট পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে।
গত শনিবার সকালে কুমিল্লা থেকে মাইক্রোবাসে (ঢাকা মেট্রো চ- ১১-৩৫৮১) করে ঢাকা যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কেওঢালা এলাকায় একটি ট্রাকের সঙ্গে ধাক্কায় ঘটনাস্থলে মাহবুবের মৃত্যু হয়।
ওই রাতেই ময়নাতদন্ত ছাড়া তার লাশ গ্রামের বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার হারুয়া গ্রামে পাঠিয়ে দেওয়া হয়।
মাহবুবের মৃত্যুকে হত্যা দাবি করে রোববার তার স্ত্রী স্বপ্না বেগম নারায়ণগঞ্জের বন্দর থানায় একটি মামলা করেন। এতে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের নির্বাহী সদস্য মোহাম্মদ ইয়াহিয়া ও সাধারণ সম্পাদক শাহ আলমকে আসামি করা হয়।
এরপর সুরহতাল রিপোর্ট তৈরি করেন কিশোরগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক আহসান হাবীব।
সুরতহাল রিপোর্টে বলা হয়, নিহতের শরীরের বাম হাত, ডান হাঁটু, ঘাড় ও ডান কানের নিচের হাড় ভাঙা পাওয়া যায়। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্নও পাওয়া যায়।
দুর্ঘটনার সময় মাইক্রোবাসটিতে মাহবুবের সঙ্গে তার ঘনিষ্টজন হিসেবে পরিচিত বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের নির্বাহী সদস্য এবং ঢাকার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামের প্রশাসক মোহাম্মদ ইয়াহিয়াও ছিলেন। তবে তিনি আহত হননি।
মাহবুব আলম কিশোরগঞ্জ সদর উপজেলার হারুয়া গ্রামের শহীদ মুক্তিযোদ্ধা কালু মিয়ার ছেলে। তিনি অ্যাথলেটিকস ফেডারেশনের কার্যকরী কমিটির সদস্য ছিলেন।
১৯৯৫ সালে মাহবুব সাফ গেমসে এশিয়ার দ্রুততম মানব হিসেবে স্বর্ণ জয় করেন। ২০০ মিটার
bdnews24