নারায়ণগঞ্জ, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক দুর্ঘটনায় সাফ স্বর্ণজয়ী অ্যাথলেট মাহবুব আলমের মৃত্যুকে হত্যা দাবি করে তার স্ত্রী মামলা দায়ের করেছেন।
রোববার সন্ধ্যায় মাহবুব আলমের স্ত্রী স্বপ্না বেগম নারায়ণগঞ্জের বন্দর থানায় দুইজনকে আসামি করে এ মামলা করেন বলে পুলিশ জানিয়েছে।
আসামিরা হলেন- বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের নির্বাহী সদস্য মোহাম্মদ ইয়াহিয়া এবং সাধারণ সম্পাদক শাহ আলম।
মামলার বরাত দিয়ে বন্দর থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, মাহবুব আলমের স্ত্রী স্বপ্না বেগমের দাবি- তার স্বামীকে আসামিরা বাড়ি থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে দুর্ঘটনার নামে হত্যা করেছেন।
শনিবার সকালে কুমিল্লা থেকে মাইক্রোবাসে (ঢাকা মেট্রো চ- ১১-৩৫৮১) ঢাকা যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কেওঢালা এলাকায় একটি ট্রাকের সঙ্গে ধাক্কায় ঘটনাস্থলে তিনি প্রাণ হারান।
ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৫২ ঘ.
bdnews24