২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্সেনালের জয়, চেলসির ড্র

ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার দুর্দান্ত খেলেছেন সামির নাসরি। মাঝমাঠের এই তারকার জোড়া গোলের সুবাদে ফুলহ্যামকে ১-২ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে আর্সেনাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2010, 01:45 PM

Updated : 25 Aug 2022, 07:45 PM

ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার দুর্দান্ত খেলেছেন সামির নাসরি। মাঝমাঠের এই তারকার জোড়া গোলের সুবাদে ফুলহ্যামকে ১-২ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে আর্সেনাল। অন্য ম্যাচে পয়েন্ট হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। ব্লুজরা ১-১ গোলে ড্র করে এভারটনের সঙ্গে। ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ফুলহ্যামের বিপক্ষে আটঘাট বেঁধেই খেলতে নামে আর্সেনাল। তাই ফল পেতে খুব বেশি সময় আপেক্ষা করতে হয়নি আর্সেন ওয়েঙ্গারের দলকে। খেলার ১৪ মিনিটেই এগিয়ে যায় আর্সেনাল। আন্দ্রে আর্সাভিনের কাছ থেকে বল পেয়ে ফুলহ্যামের জালে বল জড়িয়ে দেন নাসরি। ফুলহ্যামও ছেড়ে কথা বলেনি। খেলার ৩০ মিনিটে বল ঠেলে দেন ক্লিনটন ডেম্পসে। বল পেয়েই দলকে সমতায় ফেরান ফুলহ্যামের আক্রমণভাগের খেলা গড়ার কারিগর দিওমানসি কামারা। বিরতির পর গোলের জন্য মরিয়া হয়ে ওঠে দু'দলই। ফুলহ্যাম আর কোনো গোলের দেখা পায়নি। তবে দ্বিতীয়ার্ধের শেষভাগে গোল পায় গানার্সরা। জয়সূচক গোলটি করেন ওই নাসরিই। স্ট্যামফোর্ড ব্রিজে শুরু থেকে আক্রমণ আর পাল্টা-আক্রমণের মধ্য দিয়ে চেলসি ও এভারটনের খেলা জমে ওঠে। কিন্তু গোলের দেখা পাচ্ছিল না কোনো দল। এভারটনের গোলরক্ষক টিম হাওয়ার্ড খেলার ৪২ মিনিটে নিকোলাস অ্যানেলকাকে ফাউল করলে পেনাল্টি পায় চেলসি। গোল করতে কোনো অসুবিধা হয়নি আক্রমণভাগের খেলোয়াড় দিদিয়ের দ্রগবার। ফলে এগিয়ে যায় কার্লো আনচেলত্তির দল। বিরতির পর গোলের জন্য একের পর এক আক্রমণ চালিয়েও সফল হয়নি চেলসি। উল্টো এভারটনের টিম কাহিলের কাছ থেকে বল আক্রমণভাগের খেলোয়াড় জারম্যাইন বেকফোর্ড মাথা দিয়ে বল পাঠিয়ে দেন চেলসির জালে। ফলে সমতা ফেরে খেলায়। দিনের অন্যান্য খেলায় ম্যানচেস্টার সিটি ১-০ গোলে বোল্টন ওয়ান্ডারার্সকে ও ব্লাকবার্ন রোভার্স ৩-০ গোলে হারায় ওলভারহ্যাম্পটনকে। স্ট্রোক সিটির সঙ্গে ২-২ গোলে ড্র করে উইগান অ্যাথলেটিক। ১-১ গোলে অমীমাংসিত থাকে টটেনহ্যাম হটস্পার ও বার্মিংহামের খেলা। তুষারপাতের কারণে ম্যানচেস্টার ইউনাইটেড মাঠে নামতে পারেনি ব্ল্যাকপুলের বিপক্ষে। ১৬ খেলায় ৩২ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে উঠে গেছে আর্সেনাল। এক ম্যাচ কম খেলে ৩১ পয়েন্টে আর্সেনালের ঘাড়ে নিশ্বাস ফেলছে ম্যানইউ। ১৬ ম্যাচ খেলে ৩০ পয়েন্ট নিয়ে চেলসি নেমে গেছে তৃতীয় স্থানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৯৩১ ঘ.