ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বোকা জুনিয়র্সের কোচ হতে চান আর্জেন্টিনার ফুটবল ঈশ্বর ও জীবন্ত কিংবদন্তী ডিয়েগো ম্যারাডোনা।
আর্জেন্টিনার ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ের নায়ক বলেন, বোকা জুনিয়র্সের সঙ্গে আজীবন থেকে যেতে চান তিনি।
আর্জেন্টিনার জাতীয় দলের কোচের পদ হারানোর পাঁচ মাস পর এই প্রথম নিজের সাবেক ক্লাবে ফেরার ইচ্ছার কথা জানালেন ম্যারাডোনা। বুয়েন্স আয়ার্সের এই ক্লাবে খেলেই তিনি বেড়ে ওঠেন। হয়ে ওঠেন বড় তারকা।
'জেনতে' ম্যাগাজিনের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, বোকা'র অন্যতম সেরা খেলোয়াড় হুয়ান রোমান রিকুয়েলমের সঙ্গে তার নতুন করে সম্পর্ক গড়ে তুলতে হবে।
এই রিকুয়েলমেকেই আর্জেন্টিনার জাতীয় দল থেকে বাদ দিয়েছিলেন ম্যারাডোনা। এমনকি, রিকুয়েলমের খেলার ধরন নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি।
গত মাসে ক্লদিও বোর্গি পদত্যাগ করলে বোকার কোচের পদ খালি হয়ে যায়। বোর্গির উত্তরসূরি হওয়ার দৌড়ে এগিয়ে আছেন ব্যানফিল্ডের কোচ হুলিও সিজার ফ্যালচিওনি। তবে চাকরিটি পাওয়ার জন্য জোর দেন-দরবার করে যাচ্ছেন ম্যারাডোনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/২১৩৯ ঘ.
bdnews24