২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপের আয়োজক রাশিয়া কাতার

২০১৮ সালের বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে রাশিয়ায়। চার বছর পরে ২০২২ সালের বিশ্বকাপ হবে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে।(আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2010, 03:41 PM

Updated : 25 Aug 2022, 07:43 PM

ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ২০১৮ সালের বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে রাশিয়ায়। চার বছর পরে ২০২২ সালের বিশ্বকাপ হবে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে। বৃহস্পতিবার ফিফা সদর দপ্তর সুইজারল্যান্ডের জুরিখে ভোটাভুটিতে জিতে এই দুই দেশ। স্বাগতিক দেশের নাম ঘোষণা করেন বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার প্রেসিডেন্ট সেপ ব্লাটার। আলোচনায় এগিয়ে থাকলেও ২০১৮ সালের বিশ্বকাপের স্বাগতিক হওয়ার ভোটের লড়াইয়ে শেষ পর্যন্ত হেরে যায় ইংল্যান্ড। দেশটির হয়ে প্রচারণায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন, ফুটবল তারকা ডেভিড বেকহ্যাম এবং প্রিন্স উইলিয়াম। ইংল্যান্ডের পাশাপাশি ভোটাভুটিতে ছিটকে পড়ে বেলজিয়াম-নেদারল্যান্ডস এবং পর্তুগাল-স্পেন। ২০২২ সালের বিশ্বকাপের ভোটাভুটিতে কাতারের কাছে হেরে যায় যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, জাপান এবং অস্ট্রেলিয়া। বিশ্বকাপ স্বাগতিক হওয়ার সুযোগ পেয়ে রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী ইগোর শুভালভ বলেন, "২০১৮ সালের আয়োজক হওয়ার সুযোগ দেয়ার জন্য ধন্যবাদ। এখন একসঙ্গে সবাই মিলে ইতিহাস গড়তে চাই।" ফিফার ২২ জন নির্বাহী সদস্য জুরিখে গোপন ব্যালটে ভোট দিয়ে স্বাগতিক দেশ নির্বাচন করে। এর ফলে প্রথমবারের মতো বিশ্বকাপ ফুটবলের আয়োজক হওয়ার সুযোগ পেলো রাশিয়া এবং কাতার। বিশ্বকাপকে ঘিরে বিশাল পরিকল্পনা ছক তৈরি করেছে মুসলিম দেশ কাতার। দেশটিতে নয়টি শীতাতপ নিয়ন্ত্রিত স্টেডিয়াম তৈরি করতে চার বিলিয়ন ডলার বাজেট ঘোষণা করা হয়েছে। স্থাপনা নির্মাণে আরো ৫০ বিলিয়ন ডলার ব্যয় করবে তারা। রাশিয়া ১৩টি স্টেডিয়াম নির্মাণ করতে খরচ করবে ৩.৮২ বিলিয়ন ডলার। ২০১৪ সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ব্রাজিলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এনআই/২১৪৪ ঘ.