ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চোট কাটিয়ে চার মাস পর প্রশিক্ষণ শিবিরে ফিরছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান খেলা গড়ার কারিগর কাকা।
ক্লাবটির মেডিকেল টিম ও কাকার ব্যক্তিগত ডাক্তারের সঙ্গে কথা বলে কর্তৃপক্ষ জানিয়েছে, মাঠে নিজেকে মানিয়ে নিতে পারলে তার দলে যোগ দেয়ার দিনক্ষণ ঠিক করা হবে।
অগাস্টের প্রথম দিকে হাঁটুতে অস্ত্রোপচার করান ২৮ বছর বয়সী আক্রমণভাগের এই তারকা ফুটবলার। রিয়াল তখনই ধারণা করেছিল কাকাকে চার মাস মাঠের বাইরে থাকতে হতে পারে।
ক্রীড়া দৈনিক মার্কা অবশ্য দু'সপ্তাহ আগে জানিয়েছিল কাকা মাঠে ফিরতে পারে জানুয়ারিতে।
রিয়াল কাকাকে এসি মিলান থেকে নিয়ে আসে ৬৫ মিলিয়ন ইউরো খরচ করে, ২০০৯ সালের জুনে। কিন্তু চোটের জন্য তিনি রিয়াল মাদ্রিদে সেরা খেলা দেখাতে পারেননি।
বর্তমানে কাকার অভাব পূরণ করছেন ওয়ের্ডার ব্রেমেন থেকে আসা জার্মান তারকা মেসুত ওজিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এটি/১৯৫৫ ঘ.
bdnews24