ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্পেনের লা লিগায় বার্সেলোনার কাছে ৫-০ গোলে হারার জন্য কোনো অজুহাত দেখাননি রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনহো। তবে স্বীকার করেছেন, তার দল নিজেদের মেলে ধরতে পারেনি। তাই ভালো খেলেই জিতেছে বার্সা।
সেই সঙ্গে তিনি সাফ জানিয়ে দেন, এই হারেই সবকিছু শেষ হয়ে যায়নি। কারণ লিগের এখনো অনেক খেলা বাকি রয়েছে।
তবে তিনি দাবি করেন, দুই দলের শক্তির পার্থক্য খেলায় স্পষ্ট হয়ে ওঠেনি।
এ প্রসঙ্গে মরিনহো বলেন, ''এটা এমন একটা ফল, যাতে এক দল তাদের সেরা খেলা খেলেছে। আর অন্য দল একেবারেই বাজে খেলার খেসারত দিয়েছে। তাই এই হার প্রাপ্যই ছিল আমার দলের।"
এই খেলায় জিতে রিয়ালের চেয়ে দুই পয়েন্ট এগিয়ে গেছে বার্সেলোনা। ১৩ খেলায় ৩৪ পয়েন্ট নিয়ে দলটি এখন পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। সমান খেলায় ৩২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল।
খেলা শেষে মরিনহো তার খেলোয়াড়দের হতাশ না হতে বলেছেন। বরং জোর দিয়েছেন, আরো কঠোর পরিশ্রম করে লিগের পরের খেলাতেই জয়ের ধারায় ফিরে আসতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৯০৯ ঘ.
bdnews24