ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আর্জেন্টিনার ফুটবল ঈশ্বর ও জীবন্ত কিংবদন্তী দিয়েগো ম্যারাডোনাকে বোকা জুনিয়র্সের কোচ হিসেবে দেখতে চান হুয়ান রোমান রিকলমে।
এবারের বিশ্বকাপে জাতীয় দলে জায়গা না পেলেও বোকা'র খেলা গড়ার কারিগর রিকলমে সমর্থন জানাচ্ছেন ম্যারাডোনাকে। বলা দরকার রিকলমেকে ম্যারাডোনাই জাতীয় দল থেকে বাদ দিয়েছিলেন। অথচ তার অধীনেই বুয়েনস আয়ার্স'র ক্লাবটিতে খেলতে ইচ্ছুক রিকেলমে।
গত সপ্তাহে কোচ ক্লদিও বর্গি পদত্যাগ করায় নতুন কোচ খুঁচ্ছে বোকা। আর্জেন্টিনার চলতি মৌসুমের সব চেয়ে আলোচিত ম্যাচে রিভার প্লেটের কাছে ১-০ গোলে হেরে যায় বোকা। ফলে চাকরি হারান কোচ বর্গি।
বর্গির উত্তরসূরি হওয়ার দৌড়ে এগিয়ে আছেন ব্যানফিল্ডের কোচ হুলিও সিজার ফ্যালসিওনি। তবে অনেক ভক্ত'র কোচ হিসেবে পছন্দ ক্লাবটির সাবেক তারকা খেলোয়াড় ম্যারাডোনা।
জার্মানির কাছে ৪-০ গোলে হেরে আর্জেন্টিনা বিশ্বকাপ থেকে বিদায় নিলে চাকরি ছাড়তে হয় কোচ ম্যারাডোনাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এমএইচ/১৯৫৭ ঘ.
bdnews24