ঢাকা, ২৫ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ডের তারকা ফুটবলার ডেভিড বেকহ্যাম তার যুক্তরাষ্ট্র মেজর লিগের দল লস এঞ্জেলস গ্যালাক্সির হয়ে একটি প্রদর্শনী ম্যাচ খেলার জন্য অস্ট্রেলিয়ার সিডনিতে হাজির হয়েছেন। তবে বেকহ্যামের সঙ্গে তার স্ত্রী ভিক্টোরিয়া বেকহ্যাম এবং তিন সন্তান যাননি।
৩৫ বছর বয়সী এই তারকা ফুটবলার যেখানেই যান না কেন, তার সঙ্গে সাবেক স্পাইসি গার্ল গায়িকা এবং বর্তমানে ফ্যাশন ডিজাইনার ভিক্টোরিয়া সবসময়েই থাকেন।
এবার কেন সিডনিতে সন্তানদেরসহ ভিক্টোরিয়া আসেননি তা জানাতে গিয়ে বেকহ্যাম বলেন, "ভিক্টোরিয়া একটি উৎসবের জন্য আমাদের তিন সন্তান ব্র"কলিন, রোমিও এবং ক্রজসহ যুক্তরাষ্ট্রে রয়ে গেছে। এ ছাড়া দিনকয়েক আগেই ইউরোপ সফর থেকে ফিরেছে পশ। তাই ওর বিশ্রাম দরকার ছিল। ও আসলে কিন্তু আসতেই চেয়েছিল। কিন্তু এবার হল না। তবে একসময় ও এখানে আসবেই।"
সিডনিতে অস্ট্রেলিয়ার 'এ' লিগ চ্যাম্পিয়ন নিউক্যাসল জেটের বিপক্ষে একটি প্রদর্শনী ম্যাচ খেলবে লস এঞ্জেলস গ্যালাক্সি। ২০০৭ সালে বেকহ্যাম শেষবার অস্ট্রেলিয়ায় এসেছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এনআই/১৯৫২ ঘ.
bdnews24