২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ ষোলতে বার্সেলোনা, ম্যানইউ ও ইন্টার মিলান

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলতে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিলান। পাশাপাশি বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহ্যাম হটসপার, ভ্যালেন্সিয়া, অলিম্পিক লিঁও এবং শালকে জিরো ফোরও দ্বিতীয় পর্ব নিশ্চিত করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2010, 10:20 AM

Updated : 25 Aug 2022, 07:41 PM

ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলতে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিলান। পাশাপাশি বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহ্যাম হটসপার, ভ্যালেন্সিয়া, অলিম্পিক লিঁও এবং শালকে জিরো ফোরও দ্বিতীয় পর্ব নিশ্চিত করেছে। বুধবার ইন্টার মিলান ১-০ গোলে এফসি টুয়েন্টিকে হারিয়ে পরের পর্বে ওঠে। বার্সেলোনা ৩-০ গোলে হারায় প্যানাথিনাইকসকে। ম্যানইউ ১-০ গোলে জেতে রেঞ্জার্সের বিপক্ষে। টটেনহ্যাম ৩-০ গোলে ধসিয়ে দেয় ওয়ের্ডার ব্রেমেনকে। ভ্যালেন্সিয়া ৬-১ গোলে উড়িয়ে দেয় বারসাসপোরকে। শালকে জিরো ফোর ৩-০ গোলে অলিম্পিক লিঁওকে হারালেও, দুই দলই চলে গেছে শেষ ষোলতে। নিজেদের মাঠ সানসিরোতে ইন্টার ১-০ গোলে টোয়েন্টে এনসেডকে হারিয়ে দ্বিতীয় পর্বে ওঠায় আপাতত চাকুরি বাঁচল কোচ রাফায়েল বেনিটেজের। নেদারল্যান্ডসের এই ক্লাবের বিপক্ষে দ্বিতীয়ার্ধে খেলার ৫৫ মিনিটে গোল করেন ইন্টারের আর্জেন্টিনার তারকা এস্তেবান ক্যাম্বিয়াসো। গ্ল্যাসগোতে রেঞ্জার্সের বিপক্ষে ম্যানইউয়ের জয়টাও এসেছে সৌভাগ্যের হাত ধরে। গোল করেন চোট কাটিয়ে ফেরা ওয়েন রুনি। আর সেটা ম্যাচের ৮৭ মিনিটে পেনাল্টি থেকে। সর্বশেষ তিনি ম্যানইউয়ের প্রথম একাদশে খেলেছেন গত ১৯ সেপ্টেম্বর। এ মৌসুমে ম্যানইউর হয়ে এখন পর্যন্ত দুটি গোল করেছেন রুনি। দুটিই পেনাল্টি থেকে। এথেন্সে প্যানাথিনাইকস দাঁড়াতেই পারেনি বার্সার বিপক্ষে। দুটি গোল করেছেন পেড্রো রডরিগুয়েজ, ২৭ ও ৬৯ মিনিটে। ৬২ মিনিটে গোল করেন লিওনেল মেসি। বার্সার হয়ে টানা নয় ম্যাচে গোল করলেন এই আর্জেন্টাইন তারকা। মৌসুমে বার্সার হয়ে তার গোলসংখ্যা এখন ১৮ ম্যাচে ২৩টি। ভ্যালেন্সিয়ার বিপক্ষে কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেনি তুরস্কের ক্লাব বারসাসপোর। একের পর এক গোল হজম করে শেষতক ছয় গোলে হেরে মাঠ ছেড়েছে তারা। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ খেলতে নেমেই শেষ ষোলতে উঠে গেছে ইংলিশ ক্লাব টটেনহ্যাম। বুধবার তারা তিন গোলে হারায় ব্রেমেনকে। গোল করেন ইউনেস কাবুল, লুকা মর্ডিচ এবং পিটার ক্রাউচ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/১৬১০ ঘ.