ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রিয়াল মাদ্রিদেই থাকছেন ব্রাজিলের ফুটবলার কাকা।
জানুয়ারিতে শুরু হচ্ছে খেলোয়াড়দের দল-বদল। তবে রিয়াল কোচ হোসে মরিনহো বলেন, চোট থেকে সেরে উঠে কাকা দলে ফিরছেন বলে নতুন কোনো খেলোয়াড় কিনবেন না তারা।
হাঁটুর চোটের কারণে অগাস্ট থেকে মাঠের বাইরে রয়েছেন কাকা। স্পেন ও ইতালির সংবাদ মাধ্যমে বলা হচ্ছিল, জানুয়ারিতে দল-বদলের সময় কাকা ইন্টার মিলান বা এসি মিলানে যোগ দিতে পারেন।
রিয়াল মাদ্রিদের আরেক খেলোয়াড় করিম বেনজেমার দল ত্যাগের বিষয়টিও উড়িয়ে দেন মরিনহো। তিনি বলেন, "করিম বুঝতে পেরেছেন যে তিনি নিজের জন্য নয় দলের জন্য খেলেন। একই সঙ্গে কঠোর অনুশীলনও করছেন তিনি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৯৫৪ ঘ.
bdnews24