ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইন্টার মিলান কোচ রাফায়েল বেনিতেজের কঠিন পরীক্ষা বুধবার। চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন দলটি মাঠে নামবে নেদারল্যান্ডসের ক্লাব এফসি টোয়েন্টির বিপক্ষে।
এই খেলায় হেরে গেলে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিতে হতে পারে ইন্টারকে। আর জিতলে শেষ ষোলতে ওঠার সম্ভাবনা টিকে থাকবে।
দিনের অন্যান্য খেলায় মুখোমুখি হবে টটেনহ্যাম হটস্পার-ওয়ের্ডার ব্রেমেন, শালকে জিরো ফোর-লিঁও, বেনফিকা-হ্যাপওয়েল তেলআবিব, ম্যানচেস্টার ইউনাইটেড-রেঞ্জার্স, ভ্যালেন্সিয়া-বারসাসপোর, রুবেন কাজান-এফসি কোপেনহেগেন ও বার্সেলোনা-প্যানাথিনাইকস।
হোসে মরিনহোর রেখে যাওয়া ইন্টারকে আগের মানে ধরে রাখতে পারছেন না ৫০ বছর বয়সী বেনিতেজ। ইতালির সেরি 'আ'-তো বটেই, চ্যাম্পিয়ন্স লিগেও নিজেদের মেলে ধরতে পারছে না ইন্টার।
তাই ইতালির প্রচার মাধ্যমে বলা হচ্ছে, চাকরি যাই যাই করছে বেনিতেজের। যদি এফসি টোয়েন্টির বিপক্ষে হেরে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় পর্বে ওঠার আগেই বিদায় নেয় ইন্টার, তাহলে বেনিতেজের ভবিষ্যৎ অন্ধকার।
রেঞ্জার্সের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেড এক পয়েন্ট পেলেই দ্বিতীয় পর্বে উঠে যাবে। এছাড়া ড্র করলেও বার্সেলোনা ও এএফসি কোপেনহেগেন উঠে যাবে শেষ ষোলতে।
প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগে খেলতে আসা টটেনহ্যামের সামনেও রয়েছে দ্বিতীয় পর্বে ওঠার সুযোগ। এজন্য তাদের হারাতে হবে জার্মান দল ওয়ের্ডার ব্রেমেনকে। নিজেদের মাঠে খেলা বলে জেতার ভালো সম্ভাবনা রয়েছে টটেনহ্যামের।
শালকে জিরো ফোর এবং লিঁও'র খেলাটি জমজমাট হবে বলে ধারণা করা হচ্ছে। দু'দলেরই রয়েছে পরের পর্বে ওঠার সুযোগ। যদিও শালকের চেয়ে দুই পয়েন্ট এগিয়ে রয়েছে লিঁও। তবে নিজেদের মাঠে খেলা বলে অনেকেই বাজি ধরবেন শালকের পক্ষে।
এই গ্র"পে বেনফিকাও রয়েছে পরের পর্বে ওঠার লড়াইয়ে। তেলআবিব হেরে গেলে চাপে পড়ে যাবে শালকে ও লিঁও, দু'দলই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/এনআই/১৯০৯ ঘ.
bdnews24