ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগামী ২৯ নভেম্বর প্রিমেরা লিগার সেরা লড়াই রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যে। সেদিন ন্যু ক্যাম্পে 'এল ক্ল্যাসিকো'-তে বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল।
সেই ম্যাচের আগে দুই শিবিরেই উত্তেজনার আঁচ। আর তাতে ঘি ঢালতে শুরু করেছেন স্বয়ং মেসি। বলে দিলেন, রিয়াল যতই আত্মবিশ্বাসী হোক, এখনও তাদের চেয়ে ঢের ভাল দল বার্সা।
এই মুহূর্তে তিনিই বিশ্বসেরা ফুটবলার। ফিফারও আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছেন বর্ষসেরা ফুটবলার হিসেবে। সাবেক তারকা ফুটবলার, কোচ সবারই একটাই রায়, এই মুহূর্তে বাকি সব ফুটবলার থেকে অনেক এগিয়ে আছেন লিওনেল মেসি। চারদিন আগে তারই একমাত্র গোলে আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচে ১-০ গোলে হারিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে।
সেই মেসি যখন ক্লাব ফুটবলে স্প্যানিশ প্রিমেরা লিগায় বার্সেলোনার হয়ে খেলেন, তখন তিনি আরো দুর্ধর্ষ। গত মৌসুমে বার্সার শিরোপা জয়ে মেসির অবদান ছিল সবচেয়ে বেশি। টানা দুইবার প্রিমেরা লিগার শিরোপা জেতা বার্সার সামনে এবার হ্যাট্রিক শিরোপার হাতছানি। তাতে সবচেয়ে বড় বাধা রিয়াল মাদ্রিদই।
গত মৌসুমে শেষ ম্যাচ পর্যন্ত লড়ে শিরোপা জিতেছিল বার্সা। আর রানার-আপ হয়েছিল রিয়াল। এ মৌসুমে নতুন কোচ হোসে মরিনহোর নেতৃত্বে রিয়াল শিরোপা উদ্ধারে কোমর বেঁধে নেমেছে। তবে পিছিয়ে নেই বার্সাও। ১১ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে তাদের ঘাড়েই নিঃশ্বাস ফেলছে পেপ গার্দিওয়ালার বার্সেলোনা।
মেসি বলেন, "আমরা যদি সামর্থ্যরে সেরাটা খেলতে পারি, তাহলে জয় নিয়ে মাঠ ছাড়বো আমরাই।
আর্জেন্টাইন তারকার সাফ কথা, "এ মৌসুমে সব দিক দিয়েই রিয়াল আগের চেয়ে শক্তিশালী হয়েছে। কিন্তু এখনো ওদের চেয়ে আমরা ভালো দল। মাঠেই সেটা প্রমাণ হয়ে যাবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এনআই/এমএইচ/১৮০৭ ঘ.
bdnews24