ঢাকা, ১৪ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ম্যানচেস্টার ইউনাইটেডকে হারের হাত থেকে রক্ষা করলেন নেমানিয়া ভিডিচ। শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার সঙ্গে ২-২ গোলে ড্র করে দলটি।
এক গোলে পিছিয়ে পড়ার পর ৮৫ মিনিটে ম্যানইউকে সমতায় ফেরান ভিডিচ।
ন্যানির কাছ থেকে আড়াআড়িভাবে বল পেয়ে মাথা দিয়ে গোল করেন তিনি। এই ড্রয়ের ফলে লিগে একমাত্র দল হিসেবে ম্যানইউ এখন পর্যন্ত অপরাজিত রয়েছে। তারপরও পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে দলটি। ১৩ খেলায় তাদের পয়েন্ট ২৫।
অন্যান্য খেলায় টটেনহ্যাম হটস্পার ৪-২ গোলে হারায় ব্ল্যাকবার্ন রোভার্সকে। ম্যানচেস্টার সিটি গোলশূন্য ড্র করে বার্মিংহাম সিটির সঙ্গে। নিউক্যাসল ইউনাইটেড ও ফুলহ্যামের খেলাতেও গোল হয়নি। উলভার হ্যাম্পটন ৩-২ গোলে হারায় বোল্টন ওয়ান্ডারার্সকে। উইগ্যান অ্যাথলেটিক ১-০ গোলে জেতে ওয়েস্ট ব্রম অ্যালবিয়নের বিপক্ষে। লিভারপুল ২-০ গোলে হার মেনেছে স্টোক সিটির কাছে।
ভিলা পার্কে প্রিমিয়ার লিগে এ মৌসুমে প্রথমবারের মতো হারতে বসেছিল ম্যানইউ। এ মাঠে অ্যাস্টন ভিলার বিপক্ষে গত ১৫ বছরে হারেনি দলটি। তবে শেষ পর্যন্ত বেঁচে যায় ম্যানইউ।
খেলায় একসময় ২-০ গোলে পিছিয়ে পড়েছিল ম্যানইউ। পেনাল্টি থেকে প্রথম গোল করেন ভিলার অ্যাশলে ইয়াং। ব্যবধান বাড়ান আলব্রাইটন।
ম্যানউইকে লড়াইয়ে ফেরান দলের ইতালির খেলোয়াড় মাচেদা। ড্যারেন ফ্লেচারের কাছ থেকে বল পেয়ে প্রায় ২০ মিটার দূর থেকে প্রচণ্ড শটে গোল করেন তিনি। খেলা শেষ হওয়ার পাঁচ মিনিট আগে সমতা ফেরান ভিডিচ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৬২৭ ঘ.
bdnews24