২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসির দুই গোলে বার্সেলোনার জয়

লিওনেল মেসির দুই গোলের সুবাদে শনিবার স্পেনের লা লিগায় বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা ৩-১ গোলে হারিয়েছে ভিয়ারিয়ালকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2010, 08:18 AM

Updated : 25 Aug 2022, 07:37 PM

ঢাকা, ১৪ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লিওনেল মেসির দুই গোলের সুবাদে শনিবার স্পেনের লা লিগায় বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা ৩-১ গোলে হারিয়েছে ভিয়ারিয়ালকে। অন্যান্য খেলায় অ্যাটলেটিকো মাদ্রিদ ৩-০ গোলে জেতে ওসাসুনার বিপক্ষে। দু'টি গোল করেন অ্যাটলেটিকোর উরুগুয়ের আক্রমণভাগের খেলোয়াড় ডিয়েগো ফোরলান। অ্যাথলেটিকো বিলবাও ১-০ গোলে হারায় আলমেরিয়াকে। জয়সূচক গোলটি করেন ফার্নান্দো লোরেন্তে। শুরু থেকেই ভিয়ারিয়ালকে চেপে ধরে বার্সেলোনা। খেলার ২২ মিনিটেই ডেভিড ভিয়ার গোলে এগিয়ে যায় দলটি। প্রতিপক্ষের রক্ষণভাগের খেলোয়াড় কার্লোস মারচেনাকে কাটিয়ে পেনাল্টি সীমানার ঠিক বাইরে থেকে তীব্র শটে গোল করেন তিনি। বার্সেলোনার হয়ে মৌসুমে এটা ছিল ভিয়ার ষষ্ঠ গোল। কিন্তু তার চার মিনিট পর খেলায় সমতা ফেরায় ভিয়ারিয়াল। বাঁ পায়ের চমৎকার শটে গোল শোধ করেন নিলমার। দলের হয়ে এ মৌসুমে এটা নিলমারের সপ্তম গোল। প্রথমার্ধের খেলা শেষ হয় ১-১ গোলে অমীমাংসিতভাবে। খেলার ৫৯ মিনিটে বার্সেলোনাকে ফের এগিয়ে নেন মেসি। ডিয়াগো লোপেজের কাছ থেকে বল পেয়ে সহজেই গোলটি করেন আর্জেন্টিনার আক্রমণভাগের এই খেলোয়াড়। ৮৩ মিনিটে পেদ্রো রড্রিগুয়েজের থেকে আড়াআড়িভাবে বল পেয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন মেসি। সেই সঙ্গে নিশ্চিত করেন দলের জয়ও। এই দুই গোল নিয়ে লা লিগায় মেসির গোল সংখ্যা দাঁড়ালো ১০। ১১ গোল করে সবার উপরে রয়েছেন রিয়াল মাদ্রিদের ক্রিশ্চিয়ানো রোনালদো। ম্যাচ শেষে দলের খেলায় সন্তোষ প্রকাশ করেন বার্সেলোনার কোচ পেপ গার্দিওয়ালা। বার্সেলোনা ১১ খেলায় ২৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেল। ১০ খেলায় ২৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল। আর ১১ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ভিয়ারিয়াল তৃতীয় স্থানেই রয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৭১৫ঘ.