ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চোটের কারণে ফিলিপ্পো ইনজাগিকে এ মৌসুমে আর মাঠে নাও দেখা যেতে পারে। কিন্তু এসি মিলানের আক্রমণভাগের এই ফুটবলার জানিয়েছেন, এখনই অবসর নেয়ার কোনো পরিকল্পনা তার নেই।
ইতালিয়ান সেরি 'আ'তে বুধবার পালেরমোর বিপক্ষে খেলার সময় হাঁটুতে চোট পান তিনি। ফলে মাঠ ছাড়তে হয় ইনজাগিকে। প্রথমে মামুলি আঘাত মনে হলেও ডাক্তারি পরীক্ষায় জানা গেছে, অনেকদিন মাঠের বাইরে হবে তাকে। অস্ত্রোপচার করতে হবে পায়ে।
ফলে এ মৌসুমে ইনজাগির মাঠে নামা অনিশ্চিত হয়ে গেল। কেননা পায়ে অস্ত্রোপচার মানে দর্শক হয়ে থাকতে হবে প্রায় ছয় মাস।
ইনজাগির সঙ্গে এসি মিলানের সঙ্গে চুক্তির মেয়াদ এ মৌসুম পর্যন্ত। এখন তার চোট ও বয়স দু'টোই দুশ্চিন্তায় ফেলে দিয়েছে ক্লাব কর্মকর্তাদের। সেই সঙ্গে নতুন করে চুক্তির বিষয়টিও অনিশ্চিত হয়ে গেল।
তারপরও স্যানসিরোর এই ক্লাবের ওয়েবসাইটে জানানো হয়, ইনজাগির সঙ্গে কখনোই সম্পর্কচ্ছেদ করবে না তারা।
ইনজাগিও সুস্থ হয়ে মাঠে ফেরার ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী। ক্লাবের সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, ''কিছুতেই হাল ছাড়ছি না আমি। আবার খেলতে নামার জন্য কঠোর পরিশ্রম করে যাবো। মাঠের বাইরে থেকে নয়, খেলেই বিদায় নিতে চাই আমি। আশা করছি সমর্থকরা আমার পাশে থাকবে।''
ইতালির সাবেক এই ফুটবলার কয়েকদিন আগেই রাউল গঞ্জালেসকে পেছনে ফেলে ইউরোপের ফুটবলে সবচেয়ে বেশি গোলদাতাদের তালিকার শীর্ষে উঠে এসেছেন। তার গোল সংখ্যা ৭০। এর মধ্যে এসি মিলানের হয়ে করেছেন ৪৬টি।
বয়স ৩৭ হলেও তরুণদের সঙ্গে পাল্লা দিয়ে খেলে যাচ্ছেন ইনজাগি। তিনি বলেন, ''সমর্থকদের কথা দিচ্ছি আবারো ঠিক মাথা উঁচু করেই মাঠে ফিরবো আমি।''
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৬৩৪ ঘ.
bdnews24