ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির সঙ্গে ব্যবধান আবারো বেড়ে গেল ম্যানচেস্টার ইউনাইটেডের। বুধবার ম্যানইউ ড্র করে ম্যানচেস্টার সিটির সঙ্গে। খেলায় কোনো দলই গোল করতে পারেনি।
আরেক খেলায় ১-০ গোলে ফুলহ্যামকে হারিয়ে শীর্ষ স্থান মজবুত করেছে চেলসি। আর পয়েন্ট হারিয়েছে লিভারপুল। দলটি ১-১ গোলে ড্র করে উইগ্যান অ্যাথলেটিকের সঙ্গে। ফার্নান্দো তোরেস লিভারপুলকে এগিয়ে নিয়েছিলেন। সেই গোল শোধ করেন উইগ্যানের হুগো রডালেগা।
এছাড়া অন্যান্য খেলায় আর্সেনাল ২-০ গোলে জিতেছে উলভারহ্যাম্পটনের বিপক্ষে। নিউক্যাসল ইউনাইটেড ২-১ গোলে হেরে গেছে ব্ল্যাকবার্ন রোভার্সের কাছে। বোল্টন ওয়ান্ডারার্স ১-১ গোলে ড্র করে এভারটনের সঙ্গে। অ্যাস্টন ভিলা ৩-২ গোলে হারিয়েছে ব্লাকপুলকে।
ড্র করলেও ম্যানইউ কোচ অ্যালেক্স ফার্গুসন অখুশি নন। কারণ তার মতে, নিজেদের মাঠে ম্যানচেস্টার সিটি খুবই শক্তিশালী দল। খেলার প্রথমার্ধে গোল করার সেরা সুযোগটি পেয়েছিল ম্যানসিটিই। কার্লোস তেভেজের বাঁকানো ফ্রি-কিক ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক এডউইন ফন ডার সার।
দ্বিতীয়ার্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের আক্রমণভাগের খেলোয়াড় দিমিতার বার্বাতভের চমৎকার ভলি আটকে দেন ম্যানসিটির গোলরক্ষক জো হার্ট। এটাই ছিল ম্যানইউয়ের সেরা সুযোগ।
এ মৌসুমে প্রতিপক্ষের মাঠে ছয় খেলার পাঁচটিতেই ড্র করল ম্যানইউ। ১২ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে দলটি রয়েছে দ্বিতীয় স্থানে। সমান খেলায় চেলসির পয়েন্ট ২৮। তৃতীয় আর্সেনাল এবং চতুর্থ স্থানে আছে ম্যানসিটি।
এদিকে ফুলহ্যামের বিপক্ষে বেশ কয়েকটি গোলের সুযোগ নষ্ট করে চেলসি। যদিও খেলার ৩০ মিনিটে দলকে এগিয়ে নেন মাইকেল এসিয়েন।
উলভসের বিপক্ষে খেলার মাত্র ৩৯ সেকেন্ডেই গোল করে আর্সেনাল। গোলমুখে বল ফেলেন আর্সেনালের অ্যালেক্স সং। আর মাথা দিয়ে বল জালে জড়িয়ে দেন চামাখ। আর্সেনাল খেলার অতিরিক্ত সময়ে (৯০ ) দ্বিতীয় গোল করে। সিসে ফ্যাব্রেগাসের কাছ থেকে বল পেয়ে এ গোলটিও করেন চামাখ।
১২ খেলায় আর্সেনালের পয়েন্ট ২৩।
নিউক্যাসলকে হারিয়ে চমক সৃষ্টি করেছে ব্ল্যাকবার্ন। মর্টেন ও পেডাসনের গোলে তারা হারায় নিউক্যাসলকে। এই হারের পরও ১২ খেলায় ১৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে দলটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৭৪৪ ঘ.
bdnews24