২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চেলসিকে হারালো লিভারপুল, হারল আর্সেনালও

চেলসি কোচ কার্লোস আনচেলত্তি ভয় পেয়েছিলেন লিভারপুল অধিনায়ক স্টিফেন জেরার্ডকে। কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন 'লাল বাহিনী'র আরেক তারকা স্প্যানিশ 'ম্যাটাডোর' ফার্নান্দো টোরেসের কথা। ফর্মে ফিরলে টোরেস যে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন, সেটাই বুঝিয়ে দিলেন। রোববার ইংলিশ প্রিমিয়ার লিগে টোরেসের করা দুই গোলেই লিভারপুল ২-০ গোলে হারিয়েছে চেলসিকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2010, 01:39 PM

Updated : 25 Aug 2022, 07:34 PM

ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চেলসি কোচ কার্লোস আনচেলত্তি ভয় পেয়েছিলেন লিভারপুল অধিনায়ক স্টিফেন জেরার্ডকে। কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন 'লাল বাহিনী'র আরেক তারকা স্প্যানিশ 'ম্যাটাডোর' ফার্নান্দো টোরেসের কথা। ফর্মে ফিরলে টোরেস যে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন, সেটাই বুঝিয়ে দিলেন। রোববার ইংলিশ প্রিমিয়ার লিগে টোরেসের করা দুই গোলেই লিভারপুল ২-০ গোলে হারিয়েছে চেলসিকে। একই দিন হেরে গেছে আর্সেনালও। তাদেরকে ১-০ গোলে হারিয়েছে নিউক্যাসল ইউনাইটেড। তবে জিতেছে ম্যানচেস্টার সিটি। তারা ২-০ গোলে জিতেছে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নের বিপক্ষে। হারের পরও ১১ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে চেলসিই। সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ১১ ম্যাচেই ২০ পয়েন্ট করে নিয়ে তৃতীয় ও চতুর্থ স্থানে যথাক্রমে রয়েছে আর্সেনাল এবং ম্যানসিটি। গত ৫০ বছরের মধ্যে প্রিমিয়ার লিগে এবার সবচেয়ে বাজে শুরুভাবে করেছিল লিভারপুল। একসময় চলে গিয়েছিলেন অবনমন গ্র"পে। সেখান থেকে নতুন মালিকানায় ক্লাবটি চলে যেতেই যেন লিভারপুলের নতুন চেহারা। টানা তিন ম্যাচ জিতে তারা এখন পয়েন্ট টেবিলের নবম স্থানে উঠে এসেছে। জয়ের নায়ক টোরেসের ভাষায়, "মৌসুমের শুরুতে আমরা বাজে খেলেছি। কিন্তু আমাদের বিশ্বাস ছিল পরিস্থিতি বদলাবেই। আর সেটাই হয়েছে। চেলসিকে হারিয়ে আমাদের আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে।" ইনজুরিতে বাধাগ্রস্ত হয়ে যে ফর্ম টোরেস হারিয়ে ফেলেছিলেন, এদিন সেই ঝলকই অনেকটা দেখা গেছে। এ মৌসুমে এর আগে মাত্র দু'টি গোল করেছিলেন টোরেস। অ্যানফিল্ডে খেলার ১১ মিনিটে ডার্ক কুইটের পাস থেকে প্রথম গোলটি করেন টোরেস। এরপর বিরতির ঠিক আগে পেনাল্টি বক্সের ঠিক বাইরে থেকে ডান পায়ের দুর্দান্ত বাকানো শটে ফের পরাস্ত করেন চেলসির গোলরক্ষক পিতর চেককে। দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় হিসেবে চেলসির হয়ে নামেন দিদিয়ের দ্রগবা। আক্রমণের ধার বেড়ে যায় বর্তমান চ্যাম্পিয়নদের। বার দুয়েক বল লিভারপুলের পোস্টেও লাগে। বাকি কয়েকবার বাঁচান গোলরক্ষক। তবে শেষ দিকে পাল্টা আক্রমণে গোলের সুযোগ তৈরি করেছিল লিভারপুলও। তবে গোল করতে পারেননি কুইট। প্রিমিয়ার লিগে এ নিয়ে দুই ম্যাচ হারল চেলসি। ম্যাচ শেষে চেলসি কোচ আনচেলত্তি স্বীকার করেন যোগ্য দল হিসেবেই জিতেছে লিভারপুল। আর টোরেসের গোল দু'টি ছিল অসাধারণ। এদিকে নিজেদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে আর্সেনাল ১-০ গোলে হেরে গেছে নিউক্যাসলের সঙ্গে। বিরতির ঠিক আগে জয়সূচক একমাত্র গোলটি করেন নিউক্যাসলের অ্যান্ডি ক্যারোল। আরেক ম্যাচে দলের ইতালিয়ান তারকা মারিও বালোতেল্লির দুই গোলে ম্যানসিটি হারায় ওয়েস্ট ব্রমকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এমএইচ/১৯২৬ ঘ.