ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্প্যানিশ প্রিমেরা লিগায় অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে হোসে মরিনহোর রিয়াল মাদ্রিদ। রোববার রাতে রিয়াল ২-০ গোলে হারায় অ্যাটলেটিকো মাদ্রিদকে। একই রাতে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনাও জিতেছে। তারা ৩-১ গোলে হারিয়েছে গেটাফেকে।
লা লিগার প্রথম দিকে রিয়াল তেমন গোল পাচ্ছিল না বলে কোচ মরিনহো চাপের মুখেই পড়েছিলেন। কিন্তু গত পাঁচ ম্যাচে রিয়াল ২১ গোল করায় মরিনহো এখন বেশ সন্তুষ্ট। গত ১১ বছরে একই শহরের দুই দলের লড়াইয়ে রিয়ালকে হারাতে পারেনি অ্যাটলেটিকো। সেই ধারা এবারও ধরে রাখল রিয়াল।
খেলায় রিয়ালের আধিপত্য ছিল পরিষ্কার। দুই প্রান্ত দিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো এবং মেসুত ওজিল শুরু থেকেই অ্যাটলেটিকোর রক্ষণভাগকে ব্যতিব্যস্ত রেখেছিলেন। তবে রিয়ালকে শুরুতেই এগিয়ে দেন ডিফেন্ডার রিকার্ডো কারভালহো। ১৩ মিনিটে ঠান্ডা মাথায় গোল করেন তিনি।
দ্বিতীয় গোল করেন ওজিল। তার জন্য অ্যাটলেটিকোর রক্ষণভাগও খানিকটা দায়ী ছিল। ১৯ মিনিটে ওজিলের ফ্রি-কিক সবাইকে ফাঁকি দিয়ে গোলে ঢুকে যায়। তৃতীয় গোলও পেতে পারত রিয়াল। কিন্তু সহজতম সুযোগ নষ্ট করেন গঞ্জালো হিগুয়েইন।
দুই গোলে এগিয়ে থাকা রিয়াল দ্বিতীয়ার্ধে একটু হালকাচালে খেলেছিল। সেই সুযোগে বল দখলে এগিয়েছিল অ্যাটলেটিকো। তাতে ডিয়াগো ফোরলানের শট পোস্টে লেগে ফিরে আসে। পরে অবশ্য ওজিলও আরেকটি গোলের সুযোগ নষ্ট করেন।
বেশ কয়েক ম্যাচ পর বার্সেলোনাকে ফের দেখা গেছে চেনা ছন্দে। সেই আক্রমণাত্মক ফুটবল খেলে বর্তমান চ্যাম্পিয়নরা ৩-১ গোলে ধরাশায়ী করে গেটাফেকে।
খেলার চার মিনিটেই বার্সাকে এগিয়ে নিতে পারতেন ডেভিড ভিয়া। কিন্তু পারেননি। ২৩ মিনিটে বার্সাকে প্রথমে এগিয়ে দেন লিওনেল মেসি। তাকে বল যোগান দিয়েছিলেন ভিয়া। দ্বিতীয় গোলটি করেন ভিয়াই, ৩৫ মিনিটে।
দ্বিতীয়ার্ধে খেলার ৬৫ মিনিটে মেসির বানানো বলে তৃতীয় গোল করেন পেদ্রো রডরিগুয়েজ। তার পাঁচ মিনিট পর পেনাল্টি থেকে গেটাফের মানু দেল মোরাল একটি গোল শোধ করেন। কিন্তু ম্যাচের ফল আর বদলায়নি।
১০ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষে রিয়াল। সমান ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বার্সেলোনা।
রোববার অন্য ম্যাচে ভিলারিয়াল ৪-১ গোলে উড়িয়ে দেয় অ্যাথলেটিকো বিলবাওকে। রিয়াল জারাগোজা ৩-২ গোলে হারায় রিয়াল মায়োরকাকে। লেভান্তেকে ২-১ গোলে হারায় দেপোর্টিভো লা করুনা। ওসাসুনা ৩-০ গোলে জেতে হারকিউলিসের বিপক্ষে। আলমেরিয়া এবং স্পোর্টিং গিজনের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এমএইচ/১৮৪৩ ঘ.
bdnews24