ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুঃসময় পেছনে রেখে আবারো জয়ের ধারায় ফিরেছে লিভারপুল। ইউরোপা লিগে বৃহস্পতিবার দলটি ৩-১ গোলে হারিয়েছে ইতালির ক্লাব নাপোলিকে। হ্যাট্রিক করেন স্টিভেন জেরার্ড।
তবে হোঁচট খেয়েছে ইতালির আরেক ক্লাব জুভেন্টাস। অস্ট্রিয়ার দল এসভি সালজবুর্গ আটকে (০-০) দিয়েছে তুরিনোর ক্লাবটিকে। ধাক্কা খেয়েছে ম্যানচেস্টার সিটিও। পোলান্ডের ক্লাব লিজ পোজনানের কাছে ১-৩ গোলে হেরে গেছে দলটি।
ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় নিচের দিকে রয়েছে লিভারপুল। এ মৌসুমে হার কিছুতেই যেন পিছু ছাড়ছিল না দলটির। কিন্তু অ্যানফিল্ডে সেই ধ্বংসস্তূপের মধ্য থেকে জেগে উঠে রীতিমতো দাপট দেখিয়ে জিতেছে 'অলরেড'রা।
নাপোলির বিপক্ষে অবশ্য প্রথমে পিছিয়ে পড়েছিল লিভারপুলই। গোল করেন নাপোলির এজকুয়েল লাভেজ্জি। ৭৫ মিনিটে সমর্থকদের মধ্যে স্বস্তি এনে দেন জেরার্ড। ৮৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে তিনিই এগিয়ে নেন লিভারপুলকে। রেফারির শেষ বাঁশি বাজার এক মিনিট আগে নাপোলির কফিনে শেষ পেরেকটি ঠোকেন জেরার্ডই (৩-১)।
এ জয়ের ফলে ইউরোপা লিগের 'কে' গ্র"পের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেল লিভারপুল। গ্র"পের আরেক খেলায় স্টেয়া বুখারেস্ট ৩-১ গোলে এফসি উতরেখকে হারিয়ে আছে দ্বিতীয় স্থানে।
প্রিমিয়ার লিগে দাপটের সঙ্গে খেললেও বৃহস্পতিবার লিজ পোজনানের বিপক্ষে চেনা যায়নি ম্যান সিটির ফুটবলারদের। ৩০ মিনিটে দিমিত্রি ইনাকের গোলে এগিয়ে যায় পোজনান। যদিও দ্বিতীয়ার্ধের শুরুতে সমতা ফেরান ইমানুয়েল আদেবায়ের।
কিন্তু খেলার শেষদিকে ভেঙ্গে পড়ে ম্যান সিটির রক্ষণভাগ। পোলান্ডের এই ক্লাবটির হয়ে দু'টো গোল করেন ম্যানুয়েল আরবোলেদা ও মাতেসজ মোজদেজেন।
এই হারের পরও গ্র"প 'এ' এর পয়েন্ট তালিকায় পোজনানের সঙ্গে যৌথভাবে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। অন্যদিকে দ্বিতীয় পর্বে কঠিন হয়ে গেছে জুভেন্টাসের। এই গ্র"পে দলটি আছে তৃতীয় স্থানে।
ইউরোপের ক্লাব ফুটবলের দ্বিতীয় সেরা টুর্নামেন্টের আরেক খেলায় সেভিয়া ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ইউক্রেনের ক্লাব কারপাতি লাভিভকে। রোজেনবার্গের বিপক্ষে ২-১ গোলে জিতেছে অ্যাটলেটিকো মাদ্রিদ।
অন্যান্য খেলায় এএ গ্রেন্ট ৩-১ গোলে স্পোর্টিং লিসবনকে, বায়ার লেভারকুজেন ১-০ গোলে অ্যারিস সালোনিকাকে, সিএসকেএ মস্কো ৩-১ গোলে পালেরমোকে, ডায়নামো কিয়েভ ২-০ গোলে এজেড অ্যালকমারকে, পিএসভি আইন্দোভেন ৩-০ গোলে ডের্বেসেনকে এবং সিএসকেএ সোফিয়া ২-১ গোলে র্যাপিড ভিয়েনাকে হারায়। এছাড়া এফসি পোর্তোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বেসিকতাস। পয়েন্ট ভাগাভাগি করেছে প্যারিস সেন্ট জার্মেই ও বুরুশিয়া ডর্টমুন্ডও (০-০)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/এনআই/১৯১২ ঘ.
bdnews24