ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বেজায় রেগে গেছেন আর্জেন্টিনার আক্রমণভাগের খেলোয়াড় লিওনেল মেসি। নিজ দেশের ফুটবল কোচ নিয়োগের ব্যাপারে তাকে অন্যায়ভাবে জড়ানো হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন।
সার্জিও বাতিস্তা ও ডিয়েগো ম্যারাডোনার কোচ হওয়ার লড়াইয়ে মেসির বক্তব্য নিয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় খবর বের হয়। মেসি তার বক্তব্যে দু'জনকে নিয়ে নানা মন্তব্য করেন। এ ব্যাপারে গণমাধ্যমে যেভাবে খবর প্রকাশিত হয়েছে তাকে তিনি দেখছেন জনমতের বিভক্তি বা দলাদলি হিসেবে।
বাতিস্তা ও ম্যারাডোনাকে নিয়ে বিতর্কের গভীরে যেতে নারাজ মেসি। শুধু তাই নয়, দু'জনকেই সমান চোখে দেখতে চান তিনি।
মেসি বলেন, যখন কিছু মানুষের হাতে কাজ থাকে না তখন তারা বাস্তবতা বর্জিত তথ্য নিয়ে খবর তৈরি করে। জাতীয় দলের কোচ নির্বাচনে আমাকে জড়িয়ে খবর বের হওয়ায় দলাদলি বা জনমতে বিভক্তির সৃষ্টি হয়েছে।
আক্ষরিক অর্থেই কোচ নিয়েগের ব্যাপারে তার কোনো ভূমিকা নেই এবং থাকারও কথা নেই বলে জানান বার্সেলোনার এই ফুটবলার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/২১১৯ ঘ.
bdnews24