২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ ষোলতে রিয়াল, চেলসি ও বায়ার্ন

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলতে উঠেছে রিয়াল মাদ্রিদ, চেলসি ও বায়ার্ন মিউনিখ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2010, 10:47 AM

Updated : 25 Aug 2022, 07:32 PM

ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলতে উঠেছে রিয়াল মাদ্রিদ, চেলসি ও বায়ার্ন মিউনিখ। রিয়াল বুধবার ২-২ গোলে ড্র করে এসি মিলানের সঙ্গে। চেলসি ৪-১ গোলে হারায় স্পার্তাক মস্কোকে। আর বায়ার্ন মিউনিখ ৪-০ গোলে জেতে রোমানিয়ার ক্লাব ক্লুজের বিপক্ষে। অন্যান্য খেলায় এএস রোমা ৩-২ গোলে হারায় এফসি বাসেলকে। অলিম্পিক মার্সেই ৭-০ গোলে উড়িয়ে দেয় এমএসকে জিলিনাকে। আয়াক্স আর্মস্টারডাম ২-১ গোলে জেতে অঁরের বিপক্ষে। স্পোর্টিং ব্রাগা ১-০ গোলে হারিয়েছে পার্টিজান বেলগ্রেডকে এবং শাখতার দোনেৎস্কের কাছে আর্সেনাল হার মানে ২-১ গোলে। আক্রমণ ও পাল্টা আক্রমণের মধ্য দিয়ে জমে ওঠে নয়বারের চ্যাম্পিয়ন রিয়াল ও সাতবারের চ্যাম্পিয়ন মিলানের খেলা। নাটকীয়তার অভাব ছিল না তাতে। রেফারির খেলা শেষের বাঁশি বাজানো আগে আগে বদলি খেলোয়াড় পেদ্রো লিওঁর গোলে রিয়াল ২-২ এ ড্র করে মিলানের সঙ্গে। খেলায় প্রথমে গোল করে রিয়াল। বিরতির ঠিক আগে অ্যাঞ্জেল ডি মারিয়ার কাছ থেকে বল পেয়ে আলতো শটে গোল করেন গঞ্জালো হিগুয়েন। ৬০ মিনিটে রোনালদিনহোর বদলি হিসেবে মিলানের হয়ে মাঠে নামেন ফিলিপ্পো ইনজাঘি। ৬৮ মিনিটে রিয়ালের রক্ষণভাগের ফুটবলারদের ভুলের সুযোগ কাজে লাগিয়ে খেলায় সমতা ফেরান তিনি। ৭৮ মিনিটে রিয়ালের অফসাইডের ফাঁদ এড়িয়ে ইনজাঘি ফের গোল করে এগিয়ে নেন তার দলকে। কিন্তু অতিরিক্ত সময়ে কারিম বেনজেমার কাছ থেকে বল পেয়ে গোল করেন পেদ্রো। সেই সঙ্গে শেষ ষোলতে উঠে যায় রিয়াল। স্ট্যামফোর্ড ব্রিজে স্পার্তাক মস্কোর বিপক্ষে চেলসির হয়ে দু'টি গোল করেন ব্রানিস্তাভ ইভানোভিচ। একটি করে গোল দেন নিকোলাস আনেলকা এবং দিদিয়ের দ্রগবা। এদিকে বায়ার্নের জয়ের নায়ক ছিলেন মারিও গোমেজ। হ্যাট্রিক করেন জার্মানির এই ফুটবলার। অপর গোলটি করেন আরেক জার্মান তারকা টমাস মুলার। তবে সবচেয়ে বড় জয়টি পেয়েছে ফ্রান্সের দল মার্সেই। ৭-০ গোলে হারিয়েছে এমএসকে জিলিনাকে। হ্যাট্রিক করেন আন্দ্রে পিয়েরে জিগনাক। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রতিপক্ষের মাঠে এর চেয়ে বড় জয় আর কোনো দল পায়নি। হেরে গেছে ইংল্যান্ডের ক্লাব আর্সেনাল। যদিও থিও ওয়ালকটের গোলে দলটি শুরুতেই এগিয়ে গিয়েছিল শাখতারের বিপক্ষে। দিমির্তো সেই গোল শোধ করেন। এরপর এডোয়ার্ডো গোল করে শাখতারের জয় নিশ্চিত করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/এনআই/১৬৩৫ ঘ.