ঢাকা, নভেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গুয়াংজু এশিয়ান গেমেসে অংশ নেয়ার জন্য বৃহস্পতিবার রাতে ঢাকা ছেড়ে যাচ্ছে বাংলাদেশ ফুটবল দল। বুধবার জাতীয় দলের ক্রোয়েশীয় কোচ রবার্ট রুবচিচ জানান, তার লক্ষ্য দ্বিতীয় পর্বে ওঠা।
দলে রয়েছেন পাঁচ কর্মকর্তা ও ২০ ফুটবলার।
রুপচিচ বলেন, ''ফেডারেশন কাপ ফুটবলে খেলে খেলোয়াড়রা কিছুটা ক্লান্ত, যা এখনো দূর হয়নি। কয়েকজন খেলোয়াড় আহত অবস্থায় রয়েছে। এছাড়া প্রস্তুতির জন্য খুব একটা সময়ও পাওয়া যায়নি।''
এর আগে বিকেএসপিতে মাস খানেকের জন্য প্রশিক্ষণ নিয়েছিল বাংলাদেশ দল। পরে ফেডারেশন কাপের কারণে স্থগিত রাখতে হয় প্রশিক্ষণ।
এশিয়ান গেমস ফুটবলের দ্বিতীয় পর্বে ওঠা বাংলাদেশের জন্য সহজ হবে না। কেননা, গ্র"প পর্বে বাংলাদেশকে লড়তে হবে উজবেকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও হংকংয়ের সঙ্গে।
এই দলগুলো প্রত্যেকটি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে রয়েছে।
বাংলাদেশের প্রথম খেলা উজবেকিস্তানের সঙ্গে ৭ নভেম্বর। ৯ নভেম্বর দ্বিতীয় খেলায় লড়বে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে। তৃতীয় এবং শেষ ম্যাচে বাংলাদেশ খেলবে হংকংয়ের বিপক্ষে।
বাংলাদেশের তিনটি খেলাই হবে ইংডং স্টেডিয়ামে।
দল: আব্দুল বাতেন কোমল, এনামুল হক, আরিফুল ইসলাম, ইমতিয়াজ সুলতান জিতু, মামুন মিয়া, মামুনুল ইসলাম, আজহারুল ইসলাম, মিন্টু শেখ, জাহিদ হাসান এমিলি, জাহিদ হোসাইন, আশিকুর রহমান মিশু, মিথুন চৌধুরী, জাহিদ পারভেজ চৌধুরী, মোহাম্মদ এনামুল হক, ওয়ালী ফয়সাল, তৌহিদুল আলম, শাকিল আহমেদ, রেজাউল করিম, নাসিরুল ইসলাম ও শাহেদুল আলম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/২০১৮ ঘ.
bdnews24