২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্টার মিলানের হার, বার্সার ড্র

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিলানকে ৩-১ গোলে হারিয়েছে টটেনহ্যাম হটস্পার। এছাড়া ম্যানচেস্টার ইউনাইটেড ৩-০ গোলে হারায় বারসাসপোরকে। কোপেনহেগেনের সঙ্গে ১-১ গোলে ড্র করে এফসি বার্সেলোনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2010, 12:08 PM

Updated : 25 Aug 2022, 07:32 PM

ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিলানকে ৩-১ গোলে হারিয়েছে টটেনহ্যাম হটস্পার। এছাড়া ম্যানচেস্টার ইউনাইটেড ৩-০ গোলে হারায় বারসাসপোরকে। কোপেনহেগেনের সঙ্গে ১-১ গোলে ড্র করে এফসি বার্সেলোনা। ইউরোপের ক্লাব ফুটবলের সবচেয়ে সম্মানজনক এই প্রতিযোগিতায় মঙ্গলবার রাতে অন্যান্য খেলায় এফসি টোয়েন্টি ২-০ গোলে ওয়ের্ডার ব্রেমেনকে, বেনফিকা ৪-৩ গোলে অলিম্পিক লিঁওকে ও ভালেন্সিয়া ৩-০ গোলে হারায় রেঞ্জার্সকে। শালকে জিরো ফোর গোলশূন্য ড্র করে হ্যাপোয়েল তেলআবিবের সঙ্গে। রুবিন কাজান ও প্যানাথিনাইকসের খেলাও অমীমাংসিতভাবে শেষ হয়েছে। কোনো পক্ষই গোল করতে পারেনি। প্রথমবারের খেলায় ইন্টারের মাঠ সানসিরোতে টটেনহ্যামের আক্রমণভাগের খেলোয়াড় গ্যারেথ বেলের হ্যাট্রিকের পরও তার দল হেরে গিয়েছিল ৪-৩ গোলে। এবার নিজেদের মাঠে সেই হারের প্রতিশোধ নিল টটেনহ্যাম। ফিরতি খেলায় গোল করতে না পারলেও টটেনহ্যামের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সেই বেলই। খেলার ১৮ মিনিটে লুকা মডরিচের কাছ থেকে বল পেয়ে গোল করে টটেনহ্যামকে এগিয়ে নেন ফন ডার ফার্ট। পরের দু'টি গোলের জন্য বল বানিয়ে দেন বেল। ৬১ মিনিটে ইন্টারের রক্ষণভাগের খেলোয়াড় মাইকনকে কাটিয়ে বেল আড়াআড়িভাবে বল ফেলেন গোলমুখে। সেই বল ধরে সহজেই গোল করেন পিটার ক্রাউচ। ৮০ মিনিটে স্যামুয়েল ইতো একটি গোল শোধ করে ইন্টারকে খেলায় ফিরিয়ে আনেন। কিন্তু ৮৯ মিনিটে বেলের কাছ থেকে আড়াআড়িভাবে বল পেয়ে গোল করেন পাউলিচেঙ্কো। 'সি' গ্র"পে ম্যানচেস্টার ইউনাইটেড শেষ ষোলতে নাম লেখানোর পথে আরো একধাপ এগিয়ে গেছে। সহজেই তিন গোলে জেতে তুরস্কের বারসাসপোরের বিপক্ষে। ৪৮ মিনিটে প্রথম গোল করেন ডানকান ফ্লেচার। ৭৩ মিনিটে দ্বিতীয় গোলটি দেন ওবারটেন। এর চার মিনিট পর কোরেরিয়া তৃতীয় গোল করে ম্যান ইউয়ের জয় নিশ্চিত করেন। পরের পর্বে উঠতে হলে ম্যান ইউকে স্কটল্যান্ডের রেঞ্জার্সের সঙ্গে ড্র করলেই চলবে। কোপেনহেগেনের বিপক্ষে শুরুতে এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। ৩১ মিনিটে গোল করেন লিওনেল মেসি। এতে চ্যাম্পিয়ন্স লিগে তার গোলের সংখ্যা দাঁড়ালো পাঁচে। আর এটি নিয়ে মৌসুমে তিনি গোল করলেন ১৫টি। বার্সার এগিয়ে যাওয়ার আনন্দ মিলিয়ে যায় পরের মিনিটেই। কোপেনহেগেনের জেসপার গ্রোনকায়েরের শট ঠিকমতো ফেরাতে পারেননি বার্সার গোলরক্ষক ভিক্টর ভালদেস। সেই বল পেয়ে গোল করেন ক্লদমেয়ার। সবচেয়ে বেশি গোল হয় লিঁও ও বেনফিকার খেলায়। দু'দল মিলে করেছে সাত গোল। একাধিক গোলের সুযোগ নষ্ট করার খেসারত দিতে হয় লিঁওকে। সেই সঙ্গে ৪-৩ গোলে হার মানতে হয় দলটিকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/এসএনএল/১৭৫৩ ঘ.