ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নেত্রকোনায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে চল্লিশা ইউনিয়ন। মঙ্গলবার ফাইনালে তারা ২-১ গোলে মেদনী ইউনিয়নকে হারায়।
অন্যদিকে জামালপুরে প্রতিযোগিতার জেলা পর্যায়ের খেলা মঙ্গলবার থেকে শুরু হয়েছে। প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা বিভাগের কমিশনার মোহাম্মদ মঈনউদ্দীন আব্দুল্লাহ।
উদ্বোধনী খেলায় ইসলামপুরের সিরাজাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে মেলান্দহের রুকনাই সরকারী প্রাথমিক বিদ্যালয়কে হারায়। প্রতিযোগিতায় ৭টি দল অংশ নিচ্ছে।
এদিকে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে মঙ্গলবার মেয়র কাপ ফুটবল প্রতিযোগিতার ফাইনালে ১নং ওয়ার্ড ২-০ গোলে ৪নং ওয়ার্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। দুই দলেই ঢাকার বিভিন্ন ক্লাবের দেশী-বিদেশী খেলোয়াড়রা ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনএল/এটি/এনআই/১৯৪৯ ঘ.
bdnews24