ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সার্জিও বাতিস্তাই আর্জেন্টিনা ফুটবল দলের স্থায়ী এবং দীর্ঘমেয়াদী কোচ হতে যাচ্ছেন। মঙ্গলবার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) তা নিশ্চিত করেছে।
সোমবার দেশটির ফুটবল কর্মকর্তাদের সঙ্গে বিশেষ সভায় মিলিত হন বাতিস্তা। সেখানেই তার কাছে জানতে চাওয়া হয়, স্থায়ী কোচ করা হলে তার চাহিদা এবং পরিকল্পনা কি হবে। বাতিস্তার উপস্থাপনায় সন্তুষ্ট হয়েছে ফেডারেশন।
তাকে দীর্ঘমেয়াদে জাতীয় দলের দায়িত্ব দেয়া হবে বলে জানিয়ে দেন ফেডারেশনের অন্যতম শীর্ষ কর্মকর্তা আন্দ্রেস ভেনচুরা।
বাতিস্তার কোচিংয়ে ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। ১৯৮৬ সালে বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের অন্যতম সদস্য ছিলেন তিনি।
দক্ষিণ আফ্রিকায় এবারের বিশ্বকাপে ডিয়াগো ম্যারাডোনার অধীনে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে ৪-০ গোলে হেরে বিদায় নেয়ার পরই চাকরি যায় ম্যারাডোনার। এরপর অন্তর্বর্তীকালীন কোচ হন বাতিস্তা।
ম্যারাডোনার অধীনে আর্জেন্টিনা ২৪ ম্যাচ খেলে ১৮টিতে জিতেছিল। কিন্তু বিশ্বকাপে বিপর্যয়ের পর তার বিদায় ঘটে।
বাতিস্তার অধীনে আর্জেন্টিনার ফল ভালো-খারাপ মেশানো। তার অধীনে আর্জেন্টিনা ১-০ গোলে হারায় আয়ারল্যান্ডকে। খর্ব শক্তির বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে হারায় ৪-১ গোলে। কিন্তু সর্বশেষ ম্যাচে জাপানের কাছে হেরে যায় ১-০ গোলে।
এদিকে ম্যারাডোনা এ খবরে ব্যঙ্গই করেছেন তার সাবেক সতীর্থ বাতিস্তাকে। বলেছেন, "ও ভাঁড় হিসেবে অভিনয় করে সবাইকে খুশি করতে পারে। এ ছাড়া আর কোনো যোগ্যতা ওর নেই।"
১৯৯৩ সালে আর্জেন্টিনা কোপা আমেরিকার শিরোপা জিতেছিল। সেটাই ছিল তাদের শেষ কোনো বড় ট্রফি জেতা। আগামী বছর আর্জেন্টিনাতেই অনুষ্ঠিত হবে কোপা আমেরিকা।
আর্জেন্টিনা তাদের পরবর্তী প্রীতি ম্যাচ খেলবে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে। ম্যাচটি হবে ১৭ নভেম্বর, কাতারের রাজধানী দোহাতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমএইচ/এনআই/১৯০৬ ঘ.
bdnews24