ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তৃণমূল পর্যায় থেকে ফুটবল খেলোয়াড় উঠে আসার সূতিকাগার পাইওনিয়ার ফুটবল লিগের সঙ্গে এবার যুক্ত হল ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি)। আগামী ১০ বছর ডিসিসি পাইওনিয়ার লিগের স্পন্সর করবে।
রোববার বাফুফের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে তারা। প্রথম বছর ডিসিসি বাফুফে'কে ২৫ লাখ টাকা দেবে। এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে বাফুফের পক্ষে সদস্য ও ঢাকা মহানগর ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান হারুনুর রশীদ ও ডিসিসি'র পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ চুক্তি সই করেন।
এ সময় ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন , সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ, মিডিয়া কমিটির চেয়ারম্যান ও বাফুফের সদস্য গোলাম রব্বানী হেলাল, আনোয়ারুল হক হেলাল, হাসানুজ্জামান খান বাবলু ও সত্যজিৎ দাস রুপু উপস্থিত ছিলেন।
মেয়র সাদেক হোসেন খোকা বলেন, "ফুটবলের উন্নয়নে আমরা এগিয়ে এসেছি মূলত সামাজিক দায়বদ্ধতার টানে। শুধু দশবছর নয় প্রয়োজনে তা আরও বেশি সময় অব্যাহত থাকবে। কারণ আমরা জানি দেশে এখন ফুটবলার সংকট চলছে। তাই সহযোগিতার হাত প্রসারিত করেছি।"
এবারের পাইওনিয়ার লিগে ৫ জোনে ১৪টি করে মোট ৭০টি ক্লাব ১০টি মাঠে খেলবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এনআই/২১৫০ ঘ.
bdnews24