ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চোট থেকে সেরে উঠছেন জ্যামাইকার স্প্রিন্ট তারকা উসাইন বোল্ট। খুব তাড়াতাড়িই ফিরতে চান অ্যাথলেটিকস ট্র্যাকে। তার লক্ষ্য আগামী বছরের আগস্টে দক্ষিণ কোরিয়ার দায়েগুতে হতে যাওয়া বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ১০০ ও ২০০ মিটারের শিরোপা অক্ষুন্ন রাখা।
একশ ও দুইশো মিটারে অলিম্পিক চ্যাম্পিয়ন এবং বিশ্ব রেকর্ডধারী ২৪ বছর বয়সী বোল্ট এ বছরের ১০ আগস্ট চোটের কারণে ট্র্যাক থেকে সরে দাঁড়ান। তার চারদিন আগে স্টকহোমে একটি প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের টাইসন গ্রে'র কাছে শতমিটারে হেরে যান তিনি।
কয়েকদিন হল অনুশীলনে ফিরেছেন বোল্ট। বলেছেন, "আমি এখন শতভাগ ফিট। পিঠের এবং গোড়ালির চোট দুটোই সেরে গেছে। অনুশীলনে ফিরতে পেরে স্বস্তি অনুভব করছি। উপভোগও করছি তা। নতুন বছরে আমার লক্ষ্য হবে কোরিয়াতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০০ ও ২০০ মিটারে আমার শ্রেষ্ঠত্ব ধরে রাখা।"
ট্র্যাকের বাইরে থাকার সময়টা বোল্ট ফুটবল ম্যাচ উপভোগ করে কাটিয়েছেন। ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচ পারতপক্ষে মিস করেননি। কারণ তিনি ম্যানইউয়ের সমর্থক। ওয়েন রুনি ম্যানইউ ছাড়েন কিনা তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন বোল্টও। তবে রুনি শেষ পর্যন্ত ম্যানইউ ছাড়েননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এনআই/১৮২৭ ঘ.
bdnews24