২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইব্রাহিমের হ্যাট্রিক, ফেডারেশন কাপ আবাহনীর

পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত আউদু ইব্রাহিমের হ্যাট্রিকের সুবাদে গ্রামীণফোন ফেডারেশন কাপ ফুটবলের শিরোপা জিতে নিল ঢাকা আবাহনী। চূড়ান্ত খেলায় শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ৫-৩ গোলে হারায় দলটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2010, 01:06 PM

Updated : 25 Aug 2022, 07:30 PM

ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত আউদু ইব্রাহিমের হ্যাট্রিকের সুবাদে গ্রামীণফোন ফেডারেশন কাপ ফুটবলের শিরোপা জিতে নিল ঢাকা আবাহনী। চূড়ান্ত খেলায় শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ৫-৩ গোলে হারায় দলটি। দশ বছর পর এই প্রথম ফেডারেশন কাপের শিরোপা জিতলো আবাহনী। যদিও এই সময়ের মধ্যে টানা দু'বার রানার-আপ হয়েছিল দলটি। এবার নিয়ে মোট আটবার ফেডারেশন কাপের শিরোপা জিতল আবাহনী। নির্ধারিত সময়ে তীব্র উত্তেজনাপূর্ণ খেলাটি ৩-৩ গোলে অমীমাংসিত ছিল। তাই অতিরিক্ত সময়ে গড়ায় খেলা। তবে খেলার ধার মোটেও কমেনি। শেষদিকে শেখ জামাল অবশ্য দুর্বল হয়ে পড়ে। কমলাপুর বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শনিবার খেলার ৩৫ মিনিটে এনামুল বাঁ-পায়ের শটে গোল করে শেখ জামালকে এগিয়ে নেন। কিন্তু বেশিক্ষণ তা ধরে রাখতে পারেনি দলটি। এক মিনিট পরই আবাহনীর ঘানার খেলোয়াড় ইব্রাহিম গোল শোধ করেন। খেলা চলতে থাকে আক্রমণ ও পাল্টা-আক্রমণের মধ্য দিয়ে। দু'দলই কয়েকটি গোলের সুযোগ নষ্ট করায় প্রথমার্ধে খেলা ১-১ গোলে অমীমাংসিত ছিল। দ্বিতীয়ার্ধের দুই মিনিটে এনামুল আবারো গোল করে এগিয়ে নেন দলকে। কিন্তু দুই মিনিট পর বক্সের মধ্যে শেখ জামালের এক খেলোয়াড়ের হাতে বল লাগলে পেনাল্টির নির্দেশ দেন রেফারি আজাদ রহমান। গোল করতে কোনো অসুবিধা হয়নি আবাহনীর ঘানার খেলোয়াড় ফ্রাঙ্কের। দ্বিতীয়ার্ধের ৩৪ মিনিটে এগিয়ে যায় আবাহনী। গোল করেন সেই ইব্রাহিম। ৪০ মিনিটে খেলায় সমতা ফেরান শেখ জামালের মামুন। এ অর্ধেও গোলের কয়েকটি সুযোগ নষ্ট করে উভয় দল। অতিরিক্ত সময়ের প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। কিন্তু দ্বিতীয়ার্ধের ৬ মিনিটে ইউসিফ আমিনুর গোলে এগিয়ে যায় আবাহনী। শেষ মুহূর্তে শেখ জামালের কফিনে শেষ পেরেকটি ঠোকেন ইব্রাহিম। অতিরিক্ত সময়ে রেফারির বাঁশি বাজানোর পরও বলে শট নেয়ায় দ্বিতীয়বারের মতো হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় রেজাউল করিমকে। ফলে বাকি সময় ১০ জনকে নিয়েই খেলতে হয় শেখ জামালকে। ইদানিং ফুটবল খেলায় দর্শক কম হলেও এবারের ফাইনাল খেলা ছিল ব্যতিক্রম। স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ। শেখ জামাল সেমিফাইনালে মুক্তিযোদ্ধা সংসদকে হারিয়ে ফাইনালে ওঠে। আর ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে ফাইনালে ওঠে আবাহনী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসএনএল/এনআই/১৭২৪ ঘ.