খেলা/ফুটবল
ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তার মতো কেউ আগেও আসেনি। পরেও আসবে কিনা সন্দেহ। তিনি ডিয়াগো আর্মান্ডো ম্যারাডোনা। শনিবার ৫০ বছরে পা দিচ্ছেন বিশ্ব ফুটবলের এই জীবন্ত কিংবদন্তি।
এখন থেকে ঠিক পঞ্চাশ বছর আগে ১৯৬০ সালের ৩০ অক্টোবর আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্সের শহরতলীতে জন্মেছিলেন বিশ্বফুটবলের সর্বকালের অন্যতম সেরা এই বিস্ময়। এখন পরিণত হয়েছেন ফুটবল মহীরুহতে। দর্শক, সমর্থক জরিপে যিনি ব্রাজিলের কালোমানিক পেলেকে ছাড়িয়ে এক নম্বর আসনে অধিষ্ঠিত।
নন্দিত এবং নিন্দিত এই মহাতারকাকে নিয়ে যত বিতর্কই থাক, ফুটবল মেধার বিচারে তার জায়গা কেবলই কিংবদন্তিদের সারিতে। প্যাসারেলা-কেম্পেস পরবর্তী আর্জেন্টিনা ফুটবলে যিনি দিয়েছিলেন নতুন পথের দিশা।
১৯৮৬ সালে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে অধিনায়ক ম্যারাডোনাই ছিলেন মহানায়ক। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে তার 'হ্যান্ড অব গড' গোলটি নিয়ে আজও যেমন বিতর্ক শেষ হয়নি, তেমনি একই ম্যাচে প্রতিপক্ষের গোলরক্ষকসহ ছয় খেলোয়াড়কে কাটিয়ে তার অনবদ্য গোলটি তর্কাতীতভাবে স্বীকৃতি পেয়েছে সর্বকালের সেরা গোল হিসেবে।
আর্জেন্টিনার হয়ে ম্যারাডোনার অভিষেক ১৯৭৭ সালে, ১৬ বছর বয়সে, হাঙ্গেরির বিপক্ষে। তারপর দেশের হয়ে ১৯৯৪ সাল পর্যন্ত খেলেছেন ৯১ ম্যাচ। গোল করেছেন ৩৪টি।
বিশ্বকাপে কোনো দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচে অধিনায়কত্ব করার রেকর্ডটি ম্যারাডোনার। বিশ্বকাপে আর্জেন্টিনাকে ১৬ টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি। বিশ্বকাপে ম্যারাডোনা ম্যাচ খেলেছেন ২১টি।
১৯৯৪ সালে যুক্তরাষ্ট্র বিশ্বকাপে ডোপ টেস্টে ধরা পড়ার পরই তার আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হয়ে যায়।
তারপর অনেক জল বয়ে যাওয়ার পর ২০০৮ সালের অক্টোবরে আর্জেন্টিনার কোচ হিসেবে আত্মপ্রকাশ করেন ম্যারাডোনা। অনেক চড়াই উৎরাই পেরিয়ে দলকে পৌঁছে দেন বিশ্বকাপের চূড়ান্ত পর্বে।
কিন্তু কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে চার গোলে বিধস্ত হয়ে দেশে ফেরার পরই ম্যারাডোনাকে কোচের পদ থেকে সরিয়ে দেয়া হয়।
ফের আর্জেন্টিনার কোচ হিসেবে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করলেও, আপাতত সেই সম্ভাবনা নেই বলে নিজেই স্বীকার করেছেন ম্যারাডোনা। সর্বশেষ খবর ইংলিশ প্রিমিয়ার লিগে কোনো বড় দলের কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। সেক্ষেত্রে তার পছন্দের প্রথম দুই দল চেলসি এবং আর্সেনাল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এনআই/১৭১১ ঘ.
bdnews24