ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রবিনহো ও ইব্রাহিমোভিচের গোলের সুবাদে ২-১ ব্যবধানে নাপোলিকে হারিয়েছে এসি মিলান। এই জয়ের ফলে ইন্টার মিলানকে টপকে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে গেল দলটি।
ইতালির সেরি 'আ'তে সোমবার খেলার প্রথমার্ধেই এগিয়ে যায় এসি মিলান। ২২ মিনিটে মাসিমো অডো বল ঠেলে দেন আক্রমণভাগের খেলোয়াড় রবিনহোকে। প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দিতে বেগ পেতে হয়নি তার।
খেলার ৭২ মিনিটে অডোর কাছ থেকে আড়াআড়িভাবে উড়ন্ত বল পেয়ে জলাতান ইব্রাহিমোভিচ মাথা দিয়ে গোল করেন। তবে ৭৮ মিনিটে নাপোলির পক্ষে একটি গোল শোধ করেন এজেকুয়েল লাভেজ্জি।
খেলার ৪৫ মিনিটে মাঝ-মাঠে ইচ্ছা করে বলে হাত লাগালে দ্বিতীয়বার হলুদ কার্ড দেখেন নাপোলির মাইকেল পাজিয়েনজা। ফলে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি।
দশ জনের দল নিয়ে এসি মিলানের সঙ্গে আর পেরে ওঠেনি নাপোলি। ফলে হার মেনে মাঠ ছাড়তে হয় নাপোলিকে।
সেরি 'আ' তে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লাজিও। এসি মিলানের পয়েন্ট ১৭। ১৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ইন্টার মিলান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/২০১২ ঘ.
bdnews24