২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যান ইউ, আর্সেনাল ও লিভারপুলের জয়

ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার হাভিয়ের হার্নান্দেজের জোড়া গোলের সুবাদে ম্যানচেস্টার ইউনাইটেড ২-১ ব্যবধানে হারিয়েছে স্টোক সিটিকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2010, 02:02 PM

Updated : 25 Aug 2022, 07:28 PM

ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার হাভিয়ের হার্নান্দেজের জোড়া গোলের সুবাদে ম্যানচেস্টার ইউনাইটেড ২-১ ব্যবধানে হারিয়েছে স্টোক সিটিকে। অন্যান্য খেলায় লিভারপুল ২-১ গোলে হারায় ব্ল্যাকবার্ন রোভার্সকে। আর্সেন ওয়েঙ্গারের আর্সেনাল ৩-০ গোলে জেতে ম্যানচেস্টার সিটির বিপক্ষে। ঘরের মাঠ ব্রিটানিয়া স্টেডিয়ামে স্টোক সিটি জেতার জন্য মরিয়া হয়ে খেলা শুরু করলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি। উল্টো এগিয়ে যায় ম্যান ইউ। খেলার ২৭ মিনিটে নেমানজা ভিদিচের কাছ থেকে বল পেয়ে দলকে এগিয়ে নেন ম্যান ইউয়ের খেলাগড়ার কারিগর হাভিয়ের হার্নান্দেজ। মাথা দিয়ে বল জড়িয়ে দেন তিনি জালে। বিরতির পর আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্টোক। ৮১ মিনিটে মার্ক উইলসন বল ঠেলে দেন টুনকের কাছে। এরপর দুর্দান্ত শটে স্টোক সিটিকে সমতায় ফেরান টুনকে। কিন্তু তা ধরে রাখতে পারেনি স্টোক। ৮৬ মিনিটে চমৎকার শটে স্টোকের জালে বল পাঠিয়ে দিয়ে রেড ডেভিলসদের জয় নিশ্চিত করেন হার্নান্দেজ। দিনের অন্য খেলায় খেলার পাঁচ মিনিটেই দশ জনের দলে পরিণত হয় ম্যাসচেস্টার সিটি। কারণ চামাখকে ফাউল করে লাল কার্ড দেখেন ডেডরিক বোয়েটা। ফলে আর্সেনালের সঙ্গে আর পেরে ওঠেনি ম্যান সিটি। হার মেনেই মাঠ ছাড়তে হয় দলটিকে। খেলার ২১ মিনিটে সামির নাসরির গোলে এগিয়ে যায় আর্সেনাল। ৬৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সনি। ম্যান সিটির কফিনে শেষ পেরেকটি ঠোকেন নিকোলাস ব্লেন্ডনার, ৮৮ মিনিটে। অ্যানফিল্ডে ৪৮ মিনিটে লিভারপুলের পক্ষে গোল করেন সটিরিয়াস কাইরজিয়াকস। ৫৩ মিনিটে ব্যবধান বাড়ান ফার্নান্দো তোরেস। ব্ল্যাকবার্নের পক্ষে একটি গোল শোধ করেন জামিক ক্যারাঘার। প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে আছে চেলসি। দলটির পয়েন্ট ২২। ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আর্সেনাল। পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে পিছিয়ে আছে ম্যান ইউ। এদিকে স্পেনের লা লিগায় সেভিয়া ৪-৩ গোলে অ্যাথলেটিক বিলবাওকে এবং ভিলারিয়াল ২-০ ব্যবধানে হারায় অ্যাটলেটিকো মাদ্রিদকে। এসপানিয়ল ২-১ গোলে জেতে লেভেন্তের বিপক্ষে। ৩-০ ব্যবধানে জয় পায় অসাসুনা। একই ব্যবধানে গেটাফে হারায় রিয়াল স্পোর্টিং ডি গিজনকে। অন্যদিকে ইতালির সেরি 'আ'তে ইন্টার মিলান ১-১ গোলে ড্র করে সাম্পাদোরিয়ার সঙ্গে। উদিনেস ২-১ গোলে জেতে পালের্মোর বিপক্ষে। এছাড়া গোলশূন্য ড্র হয় পার্মা-এএস রোমা এবং বোলোগনা-জুভেন্টাসের খেলা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৯২৪ ঘ.