ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কঠিন প্রতিপক্ষ রাফায়েল নাদাল-রজার ফেদেরারের ম্যাচ দেখার সৌভাগ্য দর্শকদের খুব একটা হয় না। গত দুই মৌসুমে তারা খেলেছিল মাত্র তিনটি ম্যাচ। কিন্তু টেনিস অনুরাগীদের সুখবর, পরপর দু'দিন কোর্টে দেখতে পাবেন তারা বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষ খেলোয়াড় নাদাল ও দ্বিতীয় সেরা ফেদেরারকে।
নাদাল জানিয়েছেন, আফ্রিকার জন্য প্রথম চ্যারিটি ম্যাচ খেলবেন তারা ফেদেরারের দেশ সুইজারল্যান্ডের জুরিখে। নাদালের চ্যারিটি ফাউন্ডেশনের জন্য পরদিন তারা মুখোমুখি হবেন নাদালের দেশ স্পেনে।
নাদাল বলেন, "আমাদের খেলার দর্শক জনপ্রিয়তা কাজে লাগিয়ে দুঃস্থদের সাহায্য করতে চাই।"
চলতি মৌসুমের শেষ এটিপি ওয়ার্ল্ড ট্যুর হবে লন্ডনে। নাদাল খেলছেন সেখানে। তবে তার আগে তিনি খেলবেন প্যারিস মাস্টার্সে।
নাদাল বলেন, মৌসুমটা তার ভালোই কেটেছে। জিতেছেন তিনটি গ্র্যান্ড স্ল্যাম, ফরাসি ওপেন, উইম্বলডন ও ইউএস ওপেন। তাই খানিকটা ক্লান্ত তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৯৫০ ঘ.
bdnews24