ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হ্যাট্রিক করেছেন টটেনহ্যাম হটস্পারের আক্রমণভাগের খেলোয়াড় গ্যারেথ বেল। তারপরও বুধবার চ্যাম্পিয়ন্স লিগে তার দল ইন্টার মিলানের কাছে হেরে গেছে ৩-৪ গোলে।
দিনের অন্য খেলায় লিওনেল মেসির জোড়া গোলের সুবাদে বার্সেলোনা হারিয়েছে এফসি কোপেনহেগেনকে। আরেক খেলায় ন্যানির একমাত্র গোলে ম্যানচেস্টার ইউনাইটেড জিতেছে বারসাসপোরের বিপক্ষে।
অন্যান্য খেলায় ওয়ের্ডার ব্রেমেন ১-১ গোলে ড্র করে এফসি টোয়েন্টির সঙ্গে। অলিম্পিক লিঁও ২-১ গোলে হারিয়েছে বেনফিকাকে। শালকে জিরো ফোর ৩-১ গোলে জিতেছে হ্যাপোয়েল তেলআবিবের বিপক্ষে। ভ্যালেন্সিয়া ও রেঞ্জার্সের খেলাটি অমীমাংসিতভাবে শেষ হয়। উভয় পক্ষ একটি করে গোল করে। প্যানাথিনাইকস ও রুবিন কাজানের খেলাটি গোলশূন্য ড্র হয়েছে।
সানসিরোতে গ্র"প 'এ' এর খেলায় বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার প্রথমার্ধেই টটেনহ্যামের বিপক্ষে ৪-০ গোলে এগিয়ে যায়। খেলার ২ মিনিটেই প্রথম গোল করেন হ্যাভিয়ের জানেত্তি। ১১ মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করেন স্যামুয়েল ইতো। তিন মিনিট পরই তৃতীয় গোল দেন স্টানকোভিচ। ৩৫ মিনিটে দলকে চার গোলে এগিয়ে নেন আবার সেই ইতো।
কিন্তু দ্বিতীয়ার্ধে খেলার চেহারা একেবারেই বদলে যায়। দশজনের দলে পরিণত হওয়া টটেনহ্যাম দুর্দান্তভাবে খেলায় ফিরে আসে। নেতৃত্ব দেন ওয়েলসের খেলোয়াড় বেল। ৫২ মিনিটে প্রথম গোল করেন তিনি। খেলার শেষ মিনিটে ফের গোল করেন বেল। অতিরিক্ত সময়ে আবারো গোল করেন তিনি। তারপরও হার এড়াতে পারেনি তার দল।
ন্যু ক্যাম্পে নিজেদের মাঠে বার্সেলোনার জয়ের নায়ক মেসি। 'ডি' গ্র"পের খেলার ১৯ মিনিটে দূরপাল্লার শটে প্রথম গোল করেন তিনি।
স্বাগতিকরা দ্বিতীয় গোল পায় খেলার ৯০ মিনিটে। এরিক আবিদালের শট কোপেনহেগেনের বারপোস্টে লেগে ফিরে আসে ফাঁকায় দাঁড়ানো মেসির কাছে। গোল করতে কোনো অসুবিধা হয়নি তার। এ নিয়ে এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে মেসির গোল সংখ্যা দাঁড়ালো চার।
ওল্ড ট্র্যাফোর্ডে কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের দলে স্বভাবতই ওয়েন রুনি ছিলেন না। এ ছাড়া ম্যান ইউ কোচ বারসাসপোরের বিপক্ষে প্রথম একাদশের বেশ কয়েকজন খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছিলেন। তারপরও দলটি জিতেছে ১-০ গোলে। খেলার ৭ মিনিটেই চমৎকার শটে গোল করেন ন্যানি। এই গোলই ম্যাচের ফল নির্ধারণ করে।
'বি' গ্র"পের খেলায় স্পেনের তারকা রাউল গঞ্জালেসের দুই গোলের সুবাদে জার্মানির শালকে জিরো ফোর জেতে হ্যাপোয়েলের বিপক্ষে। ৩-১ গোলে হার মানে হ্যাপোয়েল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৫০৪ ঘ.
bdnews24