ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গ্রামীণফোন ফেডারেশন কাপ ফুটবলের চূড়ান্তপর্বে ব্রাদার্স ইউনিয়ন সহজ জয়ই তুলে নিয়েছে। মঙ্গলবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় প্রথমে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ব্রাদার্স ৩-১ গোলে হারিয়েছে ফেনী সকার ক্লাবকে।
ব্রাদার্সের ব্রাজিলের মধ্যমাঠের খেলোয়াড় এভারটন দুই গোল করেন। অপর গোলটি করেন ফয়সাল মাহমুদ।
খেলায় এগিয়ে থেকেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি গতবারের সেমি ফাইনালিস্ট ফেনী সকার ক্লাব। প্রথমার্ধের ১৭ মিনিটে মাসুদুল আলম বুলবুলের গোলে এগিয়ে যায় সকার ক্লাব (১-০)।
কিন্তু ৩৮ মিনিটে ব্রাজিলীয় মিডফিল্ডার এভারটনের গোলে ম্যাচে সমতা ফেরায় গোপীবাগের ক্লাবটি (১-১)। বিরতির পর খেলা শুরুর ৩ মিনিটেই এভারটনের দ্বিতীয় গোলে এগিয়ে যায় ব্রাদার্স (২-১)।
ম্যাচের ৭০ মিনিটে ফয়সাল মাহমুদের দুর্দান্ত এক গোলে ব্রাদার্স ব্যবধান বাড়ায়। বক্সের বাইরে থেকে দুরন্ত শটে তিনি প্রতিপক্ষের গোলরক্ষককে পরাস্ত করেন (৩-১)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এটি/এনআই/২০০১ ঘ.
bdnews24