২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যানইউ ছাড়তে চান রুনি, স্বীকার করলেন ফার্গুসন

পরিষ্কার হয়ে গেছে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ইংল্যান্ড তারকা ওয়েন রুনির বিচ্ছেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2010, 12:21 PM

Updated : 25 Aug 2022, 07:09 PM

ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পরিষ্কার হয়ে গেছে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ইংল্যান্ড তারকা ওয়েন রুনির বিচ্ছেদ। ক্লাবের কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে স্বীকার করেছেন, ম্যানইউ ছাড়তে চান রুনি। তবে ফার্গুসন বলেন, রুনির এই খবরে আরো অনেকের মতো তিনিও বিস্মিত এবং হতাশ। কেন রুনি ম্যানইউ ছাড়তে চাইছেন সেটা তিনি বুঝে উঠতে পারছেন না। তার ভাষায়, রুনির জন্য ম্যানইউয়ের দরজা এখনো খোলা। উল্লেখ্য, ক্লাবের সঙ্গে নতুন চুক্তিতে সই করেননি রুনি। জানিয়ে দিয়েছেন আসছে জানুয়ারিতে পরবর্তী দলবদলের পালায় তিনি ওল্ড ট্র্যাফোর্ডের সঙ্গে সম্পর্ক চুকিয়ে দেবেন। এটি প্রচার মাধ্যমে জানাজানির পরই ইউরোপের বড় ক্লাবগুলো নড়েচড়ে বসেছে। তাদের মধ্যে সবার আগে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টারের এক নম্বর প্রতিদ্বন্দ্বী বর্তমান চ্যাম্পিয়ন চেলসি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, তারা রুনিকে কিনতে আগ্রহী। এর আগে ম্যানচেস্টার সিটি এবং রিয়াল মাদ্রিদ রুনিকে নিয়ে আগ্রহী বলে খবর ছড়ালেও, চেলসিই প্রকাশ্যে তাদের আগ্রহের কথা জানাল। চেলসির কোচ কার্লোস আনচেলত্তি নিজেই এই আগ্রহের কথা জানিয়ে বলেছেন, "তিনটি বিষয়ের ওপর বিষয়টি নির্ভর করছে। এক. রুনি সত্যিই ম্যানইউ ছাড়বে কিনা। দুই. ম্যানইউ তাকে বিক্রি করবে কিনা এবং তিন. অন্য ক্লাবের সঙ্গে প্রতিযোগিতায় আমরা টিকব কিনা। কারণ আমি নিশ্চিত রুনিকে কিনতে সব বড় দলই ঝাঁপাবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এটি/এনআই/২০২০ ঘ.