ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ডের বেশ কয়েকটি পত্রিকা খবর দিয়েছে ওল্ড ট্র্যাফোর্ডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন আক্রমণভাগের তারকা ওয়েন রুনি। জানিয়ে দিয়েছেন, আসছে জানুয়ারিতে নতুন করে দলবদলের সময়েই ম্যানইউ ছাড়তে চান তিনি।
নিজের ফর্ম, ব্যক্তিগত জীবন, ক্লাবের সঙ্গে সম্পর্ক কোনো কিছুই গত বেশ কিছুদিন ধরে ভালো যাচ্ছিল না রুনির। বিশেষ করে কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের সঙ্গেও তার সম্পর্ক শীতল হয়ে পড়েছিল। তার জেরেই নাকি রুনির এই সিদ্ধান্ত।
ক্লাবের তরফ থেকে অবশ্য এমন খবর উড়িয়ে দিয়ে বলা হয়েছে, এটা গুঞ্জন বই আর কিছু নয়। রুনি ওল্ড ট্র্যাফোর্ডেই থাকছেন।
কিন্তু 'গার্ডিয়ান' ও 'টেলিগ্রাফ' বলেছে রুনির ব্যক্তিগত জীবনে ফার্গুসনের খবরদারী এই ইংলিশ তারকা মোটেই সহ্য করতে পারছেন না। এ ছাড়া ফার্গুসনের 'গুড বুক' থেকেও নাম কাটা গেছে রুনির। তাকে এখন নিয়মিত প্রথম একাদশেও রাখেন না কোচ। সর্বশেষ ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নের সঙ্গে ম্যাচে ফার্গুসন তার এক নম্বর গোলদাতাকে নামান খেলা শেষ হওয়ার ২০ মিনিট আগে। খেলায় ২-২ গোলে ড্র করে ম্যানইউ।
পত্রিকাগুলো জানিয়েছে, রুনি নতুন করে ম্যানইউয়ের সঙ্গে চুক্তি করতে রাজি হননি। তাই তাকে বিক্রি করা ছাড়া আর কোনো উপায় নেই ক্লাবের।
২০০৪ সালে এভারটন থেকে তরুণ খেলোয়াড় রুনিকে ৪০ মিলিয়ন ডলারে কেনে ম্যানচেস্টার। তারপর থেকে ওল্ড ট্র্যাফোর্ডের ঘরের ছেলেই হয়ে গিয়েছিলেন ২৪ বছর বয়সী এই তারকা। কিন্তু পূর্বসূরি ডেভিড বেকহ্যাম এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো রুনিও কোচ ফার্গুসনের বিরাগভাজন হয়ে ক্লাব ছাড়তে বাধ্য হচ্ছেন বলে ইংলিশ প্রচার মাধ্যম ধারণা করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এনআই/১৮৫৬ ঘ.
bdnews24