ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একটিমাত্র ব্রোঞ্জপদক পেয়ে দিল্লির কমনওয়েলথ গেমস থেকে ফিরেছে বাংলাদেশ দল। এবার চীনের গুয়াংজুতে এশিয়ান গেমসের পালা। আপাতত ১৭ টি ডিসিপ্লিনে বাংলাদেশ দলে ২২৪ জন ক্রীড়াবিদ ও কর্মকর্তার বহর থাকছে। প্রাথমিকভাবে এ দলটি ঠিক হলেও তা পরিবর্তন হতে পারে বলে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) সূত্রে জানা গেছে।
বিওএ আশা করছে কমনওয়েলথ গেমসের চেয়ে এশিয়াডে ভালো করবে দল। বিওএ'র সিইও কর্নেল (অব.) এম ওয়ালিউল্লাহ জানিয়েছেন, ''শ্যুটিং এবং আরচারিতে বাংলাদেশ পদক জিতবে বলে আমরা আশা করছি। কারণ হচ্ছে এ দু'টি ইভেন্টে সারাবছর প্রশিক্ষণ ক্যাম্প চলে থাকে। তাছাড়া শ্যুটিংয়ে দিল্লিতেই ভালো করতো বাংলাদেশ, যদি না খেলা চলাকালে আসিফ ও বাকির মনোযোগ নষ্ট না করা হতো। এবার তারা এশিয়াডে ভালো করবে বলে আমার বিশ্বাস।''
গত আগস্টে শুরু হয়েছিল এশিয়াডের ১৭ টি ডিসিপ্লিনের প্রস্তুতি। যদিও আশ্বাস পাওয়া সত্ত্বেও অনুশীলন এবং অংশগ্রহণ বাবদ কোন টাকা হাতে পায়নি বিওএ। বিওএ'র সিইও জানিয়েছেন, ''আমরা টাকা হাতে না পেলেও প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে যাচ্ছি। ক্রীড়াপরিষদ আমাদের জানিয়েছে অচিরেই টাকা অনুমোদন দেবে।''
বিওএ কর্মকর্তারা জানিয়েছেন টাকা দ্রুত অনুমোদন পেলে সুবিধা হতো। কারণ হচ্ছে গেমস একেবারেই কাছে। এমন অনেক কাজ তাদের করতে হচ্ছে যেখানে অর্থের প্রয়োজন পড়ছে।
এদিকে এবারের এশিয়ান গেমসে বাংলাদেশ জিমনাস্টিকসে নাম অর্ন্তভুক্ত করেছে। তার কারণ, জন্মসূত্রে বাংলাদেশী এক আমেরিকান জিমন্যাস্ট এবারের এশিয়াডে খেলার আগ্রহ দেখিয়েছেন। তার নাম কাজী সাইক। এখন তার বাংলাদেশী পাসপোর্ট করানো সম্ভব হলেই কেবল এশিয়াডে খেলবেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এনআই/১৮২৬ ঘ.
bdnews24