২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ

শেষ পর্যন্ত নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেই ইতিহাস গড়লো বাংলাদেশ। পঞ্চম ও শেষ একদিনের খেলায় কিউইদের হারিয়েছে ৩ রানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2010, 02:15 PM

Updated : 25 Aug 2022, 07:08 PM

ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেষ পর্যন্ত নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেই ইতিহাস গড়লো বাংলাদেশ। পঞ্চম ও শেষ একদিনের খেলায় কিউইদের হারিয়েছে ৩ রানে। জয়ের জন্য বাংলাদেশের বেঁধে দেয়া ১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪৯ ওভার ৩ বলে নিউজিল্যান্ডের ইনিংস গুটিয়ে যায় ১৭১ রানে। প্রথমে ব্যাট করে বাংলাদেশ সব উইকেট হারিয়ে করে ১৭৪। ব্যাট করতে পারেনি পুরো পঞ্চাশ ওভার, করেছে ৪৪ ওভার ২ বল। এই জয়ের ফলে ৪-০ ব্যবধানে সিরিজ জিতলো বাংলাদেশ। সেই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) র‌্যাঙ্কিংয়ে অষ্টম স্থানে উঠে গেলো বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজও রয়েছে অষ্টম স্থানে। এর আগে বাংলাদেশ ছিল নবম স্থানে। সিরিজের দ্বিতীয় খেলা বৃষ্টিতে ভেসে যায়। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রান তাড়া করতে নেমে ২০ রানের মধ্যে পাঁচ উইকেট হারিয়ে বিপাকে পড়ে নিউজিল্যান্ড। একে একে সাজঘরে ফিরে যান ব্রেন্ডন ম্যাককালাম (৪), জেসি রাইডার (৪), বি জে ওয়াটলিং (১), ক্যান উইলিয়ামসন (০) ও রস টেলর (৩)। এ অবস্থায় ইনিংস মেরামতের কাজে নামেন অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি ও গ্র্যান্ট ইলিয়ট। একাজে কিছুটা হলেও সফল হন তারা। দলের সঙ্গে যোগ করেন তারা ৮৬ রান। ১০৬ রানের মাথায় ভেট্টোরি প্রতিপক্ষ অধিনায়ক সাকিব আল হাসানের বলে শফিউল ইসলামের হাতে ধরা পড়ে বিদায় নেয়ার আগে করেন ৪৩। তার ৭৮ বলের ইনিংসে চার রয়েছে একটি। ছক্কা একটি। এরপর ইলিয়ট ও কাইল মিলস লড়াই চালিয়ে যান। অষ্টম ব্যাটসম্যান হিসেবে ১৪৫ রানের মাথায় ৫৯ রান করে সোহরাওয়ার্দী শুভর বলে রুবেল হোসেনের হাতে ধরা পড়েন ইলিয়ট। তার ১০৫ বলের ইনিংসে চার রয়েছে সাতটি। শেষ ওভারে জয়ের জন্য নিউজিল্যান্ডের প্রয়োজন ছিল ৮। প্রথম বলেই চার হাঁকান কাইল মিলস। দ্বিতীয় বলে রান পাননি। তৃতীয় বলে তার স্ট্যাম্প উড়িয়ে নিয়ে যান রুবেল হোসেন। সঙ্গে সঙ্গে ইতিহাস সৃষ্টি করলো বাংলাদেশ। মিলস ৪৭ বলে ৩৩ রান করেন। চার মারেন দু'টি। ছক্কা দু'টি। বাংলাদেশের বোলারদের মধ্যে রুবেল হোসেন ৪ উইকেট নেন ২৫ রানে। এছাড়া দু'টি করে উইকেট নেন আব্দুর রাজ্জাক ও সাকিব। এজন্য রাজ্জাকের খরচ হয় ৩৪ রান। সাকিব দেন ৩৫। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেননি উদ্বোধনী ব্যাটসম্যান শাহরিয়ার নাফীস। দলীয় ১৫ রানের মাথায় অ্যান্ডি ম্যাককের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ার আগে শাহরিয়ার নাফীস করেন ১১। সুবিধা করতে পারেননি জুনায়েদ সিদ্দিকীও। ৩২ রানের মাথায় জুনায়েদ সিদ্দিকী (১০) কাইল মিলসের বলে ভেট্টোরির হাতে ধরা পড়লে পথ হারিয়ে ফেলে বাংলাদেশ। এ অবস্থায় হাল ধরে অপর উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস ও রকিবুল হাসান বাংলাদেশের ইনিংসকে পথে ফিরিয়ে আনার লড়াইয়ে নামেন। কিন্তু পথে ফিরিয়ে আনতে না আনতে ৬৯ রানের মাথায় ভেট্টোরির বলে উইকেট ভেঙ্গে যায় রকিবুল হাসানের (৬)। ৭৭ রানের মাথায় ইমরুল কায়েস বিদায় নিলে বিপদ যেন চেপে ধরে বাংলাদেশকে। ভেট্টোরির বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ার আগে করেন ৫০ বলে ৩৪। সীমানার ওপারে বল পাঠিয়েছেন তিনি তিনবার। হাওয়ায় ভাসিয়ে ২ বার। দলের বিপর্যয়ের সময় অধিনায়ক সাকিব আল হাসানের ব্যাটকে কথা বলতে দেখা যায় প্রায়। কথা বলাও শুরু করেছিল। এগিয়েও যাচ্ছিলেন অর্ধ-শতকের দিকে। কিন্তু ৩৬ রান করে গ্রান্ট ইলিয়টের বলে ধরা পড়েন তিনি ক্যান উইলিয়ামসনের হাতে। তখন দলের রান ছিল ১৩২। তার ৪৭ বলের ইনিংসে চার রয়েছে দু'টি। এরপর উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম কিছুটা সময় লড়লেও বড় ইনিংস খেলে দলকে বিপদ থেকে টেনে তুলতে পারেননি। ১৪৪ রানের মাথায় ইলিয়টের বলে ২৯ রান করে বোল্ড হয়ে সাজঘরের পথ ধরেন তিনি। কিন্তু নিয়মিত বিরতিতে উইকেট হারানোর বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারেনি বাংলাদেশ। ১৬১ রানের মাথায় সোহরাওয়ার্দী শুভ (৩), ১৬৩ রানে মাহমুদুল্লাহ রিয়াদ (১৯), ১৬৮ রানে আব্দুর রাজ্জাক (২) ও শেষ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফিরে যান রুবেল হোসেন (২)। ৫ রানে অপরাজিত ছিলেন শফিউল ইসলাম। তিনটি করে উইকেট নেন কাইল মিলস ও ড্যানিয়েল ভেট্টোরি। এজন্য মিলসের খরচ হয় ৩৬ রান। ভেট্টোরি দেন ৩২। ম্যাচ সেরা হয়েছেন রুবেল হোসেন। সিরিজ সেরার পুরস্কার জেতেন সাকিব। এত কম রান করে এর আগে কখনো খেলায় জেতেনি বাংলাদেশ। আগেরদিনই কোচ জেমি সিডন্স জানিয়ে দিয়েছিলেন, সিরিজ জিতলেও দল নিয়ে কোনো পরীক্ষা-নিরীক্ষা করা হবে না। তাই চতুর্থ ম্যাচের দলটিকেই রোববার মাঠে নামান তিনি। তবে নিউজিল্যান্ড দলে দু'টি পরিবর্তন আনা হয় উদ্বোধনী ব্যাটসম্যান অ্যারন রেডমন্ডের জায়গায় খেলেন জেসি রাইডার। আর পেসার ড্যারেল টাফির বদলে মাঠে নামেন অ্যান্ডি ম্যাককে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এনআই/টিআর/১৮২৪ ঘ.