২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ড দলের দায়িত্ব নিতে চান আনচেলোত্তি

ইংল্যান্ড ফুটবল দলের দায়িত্ব নিতে চান চেলসির কোচ কার্লো আনচেলোত্তি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2010, 01:30 PM

Updated : 25 Aug 2022, 07:08 PM

ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ড ফুটবল দলের দায়িত্ব নিতে চান চেলসির কোচ কার্লো আনচেলোত্তি। ইংল্যান্ডের বিভিন্ন দৈনিকে রোববার বলা হয়, ইংল্যান্ডের বর্তমান কোচ ফ্যাবিও ক্যাপেলো ২০১২ ইউরো কাপের পর দলের দায়িত্ব ছেড়ে দেবেন। আনচেলোত্তিও ক্যাপেলোর মতো ইতালির নাগরিক। যদিও ইংল্যান্ডের ফুটবল অ্যাশোসিয়েশন দেশের কাউকেই কোচের দায়িত্ব দেয়ার পরিকল্পনা করেছে। আর তাদের পছন্দের তালিকায় সবার আগে আছেন টটেনহাম হটস্পার কোচ হ্যারি রেডকন্যাপ। কিছুদিন আগে রেডকন্যাপ বলেছিলেন, জাতীয় দলের জন্য ইংল্যান্ডের উচিত দেশি কোচ নিয়োগ দেয়া। কিন্তু আনচেল্লোত্তি বলেন, "হয়তো জাতীয় দলের জন্য বিদেশি কোচ চাইবেন না রেডকন্যাপ। তবে আমাকে ইংল্যান্ড দলের দায়িত্ব নিতে বলা হলে আমি বলবো, কেন নয়?" "অভিজ্ঞতাু অর্জনের জন্য আমি ইংল্যান্ড দলের দায়িত্ব নিতে চাই। কোনো জাতীয় দলকে প্রশিক্ষণ দেয়ার অভিজ্ঞতা আমার নেই। আমি জানি, জাতীয় দল আর ক্লাব দলকে প্রশিক্ষণ দেয়ার মধ্যে পার্থক্য আছে,"বলেন তিনি। আনচেলোত্তির প্রশিক্ষণে গত মৌসুমে চেলসি প্রিমিয়ার লিগ ও এফএ কাপ জেতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৯২০ ঘ.