২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যানইউ ও চেলসির ড্র, জিতেছে আর্সেনাল

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেড ফের পয়েন্ট হারিয়েছে। শনিবার দুই গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত তারা ২-২ গোলে ড্র করে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নের সঙ্গে। পয়েন্ট হারিয়েছে শীর্ষে থাকা চেলসিও। বর্তমান চ্যাম্পিয়নরা এদিন গোলশূন্য ড্র করে অ্যাস্টনভিলার সঙ্গে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2010, 11:45 AM

Updated : 25 Aug 2022, 07:08 PM

ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেড ফের পয়েন্ট হারিয়েছে। শনিবার দুই গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত তারা ২-২ গোলে ড্র করে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নের সঙ্গে। পয়েন্ট হারিয়েছে শীর্ষে থাকা চেলসিও। বর্তমান চ্যাম্পিয়নরা এদিন গোলশূন্য ড্র করে অ্যাস্টনভিলার সঙ্গে। ওয়েন রুনিকে প্রথম একাদশ থেকে বাদ দিয়েই দল মাঠে নামিয়েছিলেন কোচ অ্যালেক্স ফার্গুসন। তাতে প্রথমার্ধে ম্যানইউ ২-০ গোলে এগিয়ে গেলে তৃপ্তির ঢেঁকুর তুলেছিলেন তিনিই। খেলার পাঁচ মিনিটেই প্রথম গোল করেন ম্যানউইয়ের মেক্সিকোর আক্রমণভাগের খেলোয়াড় হ্যাভিয়ের হার্নান্দেজ। ২৫ মিনিটে সেই ব্যবধান দ্বিগুণ করেন ন্যানি। কিন্তু দ্বিতীয়ার্ধে খেলার চেহারা বদলে যায়। দু'টি গোলই শোধ করে ওয়েস্ট ব্রম, মূলত ম্যানইউয়ের রক্ষণ দুর্বলতায়। ওয়েস্ট ব্রমের কিংস ব্রান্টের ফ্রি-কিক ম্যানইউ রক্ষণভাগের খেলোয়াড় প্যাট্রিক এভরা ঠিকমতো ফেরাতে ব্যর্থ হলে বল তার পায়ে লেগে গোলে ঢুকে যায়। দ্বিতীয় গোলটি ম্যানইউ হজম করে গোলরক্ষক এডউইন ফন ডার সারের ভুলে। ব্রান্টের ক্রস হাত থেকে ফসকে যায় ফন ডার সারের। সেই বলে ফাঁকা পোস্টে গোল করেন সোমেন টিহোয়। খেলা শেষ হওয়ার ২০ মিনিট আগে মাঠে নামেন রুনি। কিন্তু খেলার ভাগ্য বদলাতে পারেননি তিনি। প্রিমিয়ার লিগ চলতি মৌসুমে আট ম্যাচের মধ্যে পাঁচটিতে ড্র করল ম্যানইউ। তার মধ্যে দু'বার দু'গোলে এগিয়ে যাওয়ার পর। ম্যাচ শেষে হতাশ ফার্গুসন স্বীকার করেছেন খুনে মানসিকতার অভাবেই তার দলের এমন অবস্থা। চেলসির সঙ্গে অ্যাস্টনভিলার গোলশূন্য ড্রয়ে ভিলার নায়ক ছিলেন গোলরক্ষক ব্রাড ফ্রিডেল। চেলসির বেশ কয়েকটি গোলপ্রচেষ্টা রক্ষা করেন তিনি। নিকোলাস অ্যানেলকার হেড পোস্টে লেগে প্রতিহত হয়। তবে খেলার শেষ মিনিটে গোল খাওয়া থেকে বেঁচে যায় চেলসিও। প্রতিপক্ষের জনৈক খেলোয়াড়ের কাছ থেকে বল কেড়ে নেন ভিলার রিও কোকার। তার পর চেলসি গোলরক্ষক পিতর চেককে একা পেয়েও বল বাইরে মেরে গোলের সুবর্ণ সুযোগ নষ্ট করেন তিনি। আট ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে চেলসিই। নিজেদের এমিরেটস মাঠে আর্সেনাল ২-১ গোলে হারায় বার্মিংহ্যামকে। যদিও খেলার প্রথমে নিকোলা জিগিচের গোলে এগিয়ে গিয়েছিল বার্মিংহ্যামই। বিরতির ঠিক আগে পেনাল্টি থেকে গোল শোধ করেন সমির নাসরি। বিরতির পর খেলা শুরু হতেই আর্সেনালকে এগিয়ে দেন মারুনে চমখ। শেষ পর্যন্ত চমখের গোলেই ম্যাচের ফল ঠিক হয়ে যায়। আট ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে আর্সেনাল। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে গোল ফারাকে তৃতীয় স্থানে ম্যানইউ। শনিবার অন্যান্য ম্যাচে টটেনহ্যাম হটস্পার ২-১ গোলে ফুলহ্যামকে, বোল্টন ওয়ান্ডারার্সও একই ব্যবধানে জেতে স্ট্রোক সিটির বিপক্ষে। নিউক্যাসল ইউনাইটেড ২-২ গোলে ড্র করে উইগানের সঙ্গে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এমএইচ/১৭৩১ ঘ.