ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ডের কাজটাই তার শেষ পেশাদারি দায়িত্ব। তারপর কোচিং জীবন থেকে অবসর নেবেন ফ্যাবিও ক্যাপেলো। জানিয়ে দিলেন ইউরো ২০১২ এর পরেই কোচিং জীবনকে বিদায় বলবেন তিনি।
বয়স এখন ৬৪। কাজেই ইউরোর পরেই অবসর নিয়ে নিজের মনমতো বাকি সময়টা কাটাতে চান ক্যাপেলো। বলেছেন, ''এই মুহূর্তে আমি ইংল্যান্ডকে ইউরো ২০১২ এর চূড়ান্ত পর্বে নেয়া ছাড়া আর কিছু ভাবছি না। সেটা অর্জিত হলে চূড়ান্ত পর্বের পরেই বিদায়।''
২০০৮ সালে ইংল্যান্ডের কোচ হন ক্যাপেলো। ক্লাব ফুটবলে যিনি অন্যতম সেরা কোচ হিসেবেই বিবেচিত। বলেছেন, ''খেলার সময় মাঠের পাশে ডাগআউটে বসার অভিজ্ঞতা সত্যিই দারুণ। তবে অচিরেই তার সমাপ্তি ঘটবে। ইংল্যান্ডের কোচ হিসেবেই আমি তার ইতি টানব।''
বিশ্বকাপ ২০১০ এ ক্যাপেলোর অধীনে খুব সহজেই চুড়ান্ত পর্বে নাম লিখিয়েছিল ইংল্যান্ড। কিন্তু বিশ্বকাপে ব্যর্থ। জার্মানির কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়ে বিদায় নেয় ইংল্যান্ড।
তারপর ক্যাপেলোর অপসারণের আওয়াজ উঠেছিল ইংল্যান্ডে। কিন্তু ফুটবল এসোসিয়েশন ইউরো ২০১২ পর্যন্ত তার ওপরেই আস্থা রেখেছে। ইউরো বাছাইপর্বে তিন ম্যাচে ইংল্যান্ড প্রথম দু'টিতে জিতলেও, তৃতীয় ম্যাচে মন্টেনেগ্রোর সঙ্গে গোলশূন্য ড্র করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এটি/এনআই/১৭২৪ ঘ.
bdnews24